গাজার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র আল-শিফা
হাসপাতালের পরিচালক ও অন্যান্য চিকিৎসাকর্মীদের গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। আজ
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়। খবর আলজাজিরা।
হাসপাতালের একটি বিভাগের প্রধান খালিদ
আবু সামরা বলেন, ডা. মোহাম্মদ আবু সালমিয়াসহ হাসপাতালের আরো কয়েকজন সিনিয়র চিকিৎসককে
গ্রেফতার করা হয়েছে।
সাম্প্রতিক হামলায় ইসরায়েলের প্রধান
লক্ষ্যবস্তু আল-শিফা হাসপাতাল। তাদের দাবি হাসপাতালটির নিচে হামাসের গোপন ঘাঁটি ও সুড়ঙ্গ
রয়েছে। এ বিষয়ে কিছু ভিডিও প্রকাশ করলেও স্বাধীনভাবে যাচাইয়ের সুযোগ দেয়া হয়নি। তবে
হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ বরাবরই এসব তথ্য অস্বীকার করে এসেছে।
আল-শিফা হাসপাতালে হামলার কারণে ব্যাপক
মানবিক বিপর্যয় ঘটে। অনেক রোগী ও শিশু চিকিৎসার অভাবে মারা যায়।
ইসরায়েলি কর্তৃপক্ষও গ্রেফতারের কথা
স্বীকার করেছে। ডা. সালমিয়ার চাচাতো ভাই আদম আবু সালমিয়ার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম
এক্সে দেয়া পোস্টে বলেন, ‘আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক ডা. মোহাম্মদ আবু সালমিয়াকে
ইসরায়েলি দখলদার বাহিনী গ্রেফতার করেছে। এর আগেও দুই ফিলিস্তিনি প্যারামেডিককে ইসরায়েলি
দখলদার বাহিনী গ্রেফতার করেছিল।’
ইসরায়েলি হামলায় গাজায় হাজার হাজার
স্থাপনা ধ্বংস হয়ে গেছে। এর মধ্যে হাসপাতালেও রয়েছে। সর্বশেষ খবরে জানা যায়, গুরুত্বপূর্ণ
আরেকটি চিকিৎসাকেন্দ্র ইন্দোনেশিয়া হাসপাতাল সম্পূর্ণরূপে খালি করতে বলা হয়েছে।
এদিকে ৫০ জিম্মির মুক্তির পরিবর্তে
সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হলেও ইসরায়েল এখনো হামলা বন্ধ করেনি।










