ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধের ঝুঁকিকে ‘বাস্তব ও পরিষ্কার’ বলে সতর্ক করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বুধবার এক সাক্ষাৎকারে তিনি বলেন, সংঘাত বাড়লে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা অস্বীকার করা যাবে না।
এক প্রশ্নের জবাবে খাজা আসিফ বলেন, পাকিস্তান অতীতেও এমন হুমকি মোকাবিলা করেছে। তবে এই মুহূর্তে দক্ষিণ এশিয়া আবারো একটি কৌশলগত সংঘাতের কিনারায় এসে দাঁড়িয়েছে। তিনি বলেন, ভারত অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটে রয়েছে। এ পরিস্থিতিতে তাদের আগ্রাসন গোটা অঞ্চলের শান্তির জন্য হুমকিস্বরূপ।
এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের এই হামলাকে ‘কাপুরুষোচিত’ আখ্যা দিয়ে জাতীয় সংহতির আহ্বান জানিয়েছেন। তিনি জাতীয় সংসদে বলেন, রাতের অন্ধকারে ভারত অতীতের মতো পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। তবে সশস্ত্র বাহিনীর প্রস্তুতি ও জাতির দোয়ার বরকতে উপযুক্ত জবাব দেয়া হয়েছে। জিও নিউজ










