গাজায় ইসরায়েলি হামলার ১১ দিন চলছে। এ সময়ে নিহত হয়েছেন দুই হাজার ৮০০ এর বেশি মানুষ। আহত ও বাস্তুচ্যুত হয়েছেন আরো হাজার হাজার বাসিন্দা। নিহতের মধ্যে রয়েছেন ১১ সাংবাদিক। এক প্রতিবেদনে ফিলিস্তিনি সংবাদকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সি।
বিমান হামলায় গাজায় নিখোঁজ রয়েছেন আরো দুই সাংবাদিক। আহত হয়েছেন অন্তত ২০ জন।
ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেটের সঙ্গে সম্পৃক্ত ফ্রিডম কমিটির রোববার (১৫ অক্টোবর) প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমান হামলায় ১১ জন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন বলে নথিভুক্ত করা হয়েছে।
গোষ্ঠীটির একটি বিবৃতি অনুসারে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু থেকে ১৫ অক্টোবর সন্ধ্যা পর্যন্ত ১১ জন সাংবাদিক মারা যায়।
প্রতিবেদনে বলা হয়, সাংবাদিকদের প্রায় ২০টি বাড়িতে সম্পূর্ণ বা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী সরাসরি বেশ কয়েকজন সাংবাদিকের বাসভবনে হামলা চালায়। যার কারণে তাদের পরিবারের অনেকে আহত ও নিহত হয়।
প্রতিবেদন অনুসারে, আল-আকসা মিডিয়া নেটওয়ার্ক, মাআন নিউজ এজেন্সি, আল-কুদস সংবাদপত্র, বালাদনা রেডিও, জামান রেডিও, আল-কুরআন রেডিও, আল-জাজিরাসহ প্রায় ৫০টি মিডিয়া সদর দফতর ও মিডিয়া প্রতিষ্ঠানগুলো গোলাগুলির ফলে ধ্বংস হয়ে গেছে।
শুধু গাজা নয় ইসরায়েলের ক্ষেপণাস্ত্রের আঘাতে সীমান্তবর্তী লেবানন থেকে কর্মরত রয়টার্সের একজন সাংবাদিক মারা গেছেন কয়েকদিন আগে। একই সময়ে এপি, আলজাজিরাসহ অন্যান্য মিডিয়ার ছয়জন সাংবাদিক আহত হন।
এদিকে হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন জানাতে আগামীকাল বুধবার (১৮ অক্টোবর) ইসরায়েল যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পাশাপাশি পার্শ্ববর্তী আরব দেশে সফর করবেন তিনি।










