যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি ৯০ দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া বাকি সব দেশের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। অন্য দেশগুলোকে শুল্কে আপাতত স্বস্তি দিলেও চীনের উপর আরো বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ট্রাম্পের ঘোষণা অনুসারে, চীনা পণ্যের ওপর ১০৪ শতাংশের বদলে ১২৫ শতাংশ হারে শুল্ক ধার্য করা হবে।

বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, আমি ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করেছি। এই সময়ে পারস্পরিক শুল্কের হার কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। তিনি আরো বলেন, বিশ্ব বাজারের প্রতি চীনের অবজ্ঞার কারণে আমরা তাদের ওপর শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করছি। আশা করি, ভবিষ্যতে চীন বুঝতে পারবে যে যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশকে শোষণের দিন শেষ।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এই সিদ্ধান্তে পৌঁছাতে ট্রাম্প অসাধারণ সাহস দেখিয়েছেন। আমরা বিশ্বের সব দেশকে বলেছি—আপনারা পাল্টা ব্যবস্থা না নিলে পুরস্কার পাবেন। যারা আলোচনায় আসতে চায়, আমরা তাদের কথা শুনতে প্রস্তুত।

দেশটির বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক এক্স-এ একটি পোস্টে জানান, ট্রাম্প যখন এই ঐতিহাসিক ঘোষণাটি লিখছিলেন, আমি ও বেসেন্ট তার সঙ্গে ছিলেন। বিশ্ব এখন ট্রাম্পের সঙ্গে মিলে বৈশ্বিক বাণিজ্য সংস্কারে আগ্রহী, কিন্তু চীন বিপরীত পথে হাঁটছে।

ট্রাম্পের ঘোষণার পরই মার্কিন শেয়ারবাজারে দ্রুত ঊর্ধ্বগতি দেখা যায়। এসঅ্যান্ডপি ৫০০ সূচক ৬.৫ শতাংশ এবং নাসডাক সূচক ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।