সরকারি খরচ কমাতে প্রশাসনে ব্যাপক ছাঁটাইয়ের পথে হেঁটেছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কিন্তু সেই সিদ্ধান্ত খারিজ হয়ে গেছে আদালতে। ক্যালিফোর্নিয়া ও মেরিল্যান্ডের জেলা বিচারকরা বৃহস্পতিবার নির্দেশ দিয়েছেন, ট্রাম্প প্রশাসনকে ১৯টি সরকারি এজেন্সি থেকে ছাঁটাই করা হাজার হাজার প্রবেশনারি কর্মীকে কাজে পুনর্বহাল করতে হবে। খবর ডয়চে ভেলে।
ট্রাম্প প্রশাসন সরকারি এজেন্সিগুলোকে জানিয়েছিল, চলতি সপ্তাহের মধ্যেই তাদের দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই করতে হবে ও বাজেট কমাতে হবে। তার আগে আদালতের এ নির্দেশ এল। মেরিল্যান্ড ও ক্যালিফোর্নিয়ার দুই বিচারক আলাদাভাবে রায় দিয়েছেন। তারা জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে আইনি অসুবিধা আছে। দুজনই জানিয়েছেন, কর্মীদের আপাতত কাজে বহাল করতে হবে।
মেরিল্য়ান্ডের জেলা বিচারক তার নির্দেশে বলেছেন, ১৮টি এজেন্সি যারা প্রবেশনারি অফিসারদের ছাঁটাই করেছিল, তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ছাঁটাই করার নিয়ম মানেনি। বিচারক ইউএসএআইডি, ফাইন্যান্সিয়াল প্রটেকশন ব্যুরো, পরিবেশ সুরক্ষা এজেন্সিসহ অন্য এজেন্সির কর্মীদের আবার নিয়োগ দিতে বলেছে। ইলোন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিশিয়েন্সি, বিশেষ করে এ তিন এজেন্সির কর্মী ছাঁটাইয়ের ক্ষেত্রে সক্রিয় ছিল।
প্রশাসনের দাবি ছিল, তারা প্রতিটি কর্মীর কাজের বিচার করে তারপর এ সিদ্ধান্ত নিয়েছে।










