ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) একটি দলীয় দুর্নীতির প্রতিবাদ জানিয়ে পদত্যাগ করেছেন জাপানের কেন্দ্রীয় মন্ত্রিসভার ৪ সদস্য। পদত্যাগকারীদের মধ্যে জাপানের মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাৎসুনোও রয়েছেন রয়েছেন। এ পদটিকে পূর্ণমন্ত্রী এবং সরকারের প্রধান মুখপাত্রের মর্যাদা দেয়া হয়। খবর বিবিসি। 

পদত্যাগকারী মন্ত্রীরা হলেন অর্থ ও শিল্পমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা, স্বরাষ্ট্রমন্ত্রী জুনজি সুজুকি এবং কৃষিমন্ত্রী ইচিরো মিয়াশিতা। স্থানীয় সময় বৃহস্পতিবার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়ে হিরোকাজু মাৎসুনো জানিয়েছেন, শিগগিরই মন্ত্রিসভার আরো ৫ জন জ্যেষ্ঠ উপমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা মিচিকো উয়েনোও দায়িত্ব ছাড়ছেন।

জাপানের সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া জানিয়েছে, এলডিপির আর্থিক হিসাব থেকে ৫০ কোটি ইয়েন (৩৪ লাখ ডলার) লাপাত্তা হয়ে যাওয়াকে কেন্দ্র করে মূলত সংকটের শুরু। গত ২০২২ দলীয় তহবিল সংগ্রহের জন্য একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানের আয়োজন ও টিকিট বিক্রির দায়িত্বে এলডিপির যেসব নেতা-কর্মী ছিলেন, তারা ৫০ কোটি ইয়েনের হিসাব দিতে পারছেন না। এই অনিয়মের সঙ্গে দলের উচ্চপর্যায়ের নেতৃত্বের যোগসাজশ রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।