পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করেছে ভারত। কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে উসকানিমূলক ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার মতো কনটেন্ট প্রচারের অভিযোগে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশে চ্যানেলগুলো নিষিদ্ধ করা হয়েছে। খবর এনডিটিভি।

ভারত সরকারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্কে টানাপোড়েনের মধ্যে এই ইউটিউব চ্যানেলগুলো ভারত, ভারতীয় সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলোর বিরুদ্ধে উসকানিমূলক ও সাম্প্রদায়িক স্পর্শকাতর বিষয়, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচার ও ভুল তথ্য ছড়াচ্ছিল।

নিষিদ্ধ হওয়া চ্যানেলগুলোর মধ্যে রয়েছে সংবাদমাধ্যম দ্য ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিও নিউজ ও সুনো নিউজের ইউটিউব চ্যানেল। সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের ইউটিউব চ্যানেলও নিষিদ্ধ করা হয়েছে। আর নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্টগুলোর মধ্যে রয়েছে, দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট ও রাজি নামা। ভারতে এই চ্যানেলগুলোর মোট সাবস্ক্রাইবারসংখ্যা ছিল ৬ কোটি ৩০ লাখের মতো।

এছাড়া ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকেও একটি শিরোনামের জন্য সতর্ক করেছে ভারত সরকার। ‘কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী হামলার পর ভারতীয়দের জন্য ভিসা স্থগিত করেছে পাকিস্তান’, এমন শিরোনামে বিবিসির প্রতিবেদন প্রকাশের পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতীয়রা। তাদের অভিযোগ এই শিরোনাম বলছে ‘ভারতই পর্যটকদের হত্যা করেছে’।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসী হামলা নিয়ে তাদের প্রতিবেদনের বিষয়ে ভারতীয়দের ‘তীব্র প্রতিক্রিয়া’ বিসিসির প্রধান জ্যাকি মার্টিনকে জানিয়ে দেওয়া হয়েছে। বিবিসি ‘সন্ত্রাসীদের’ ‘জঙ্গি’ হিসেবে উল্লেখ করায় তাদের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েও সতর্ক করেছে ভারত সরকার।