যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য কিনতে চান ডেনমার্কের নাগরিকরা। এর জন্য এক ট্রিলিয়ন ডলারের তহবিল সংগ্রহের আহ্বানও জানানো হয়েছে। ক্যালিফোর্নিয়া কিনতে চেয়ে যে পিটিশন বা আবেদন প্রচার করা হয়েছে তাতে ইতোমধ্যে দুই লাখের বেশি মানুষ সই করেছেন। তবে পিটিশনটি ব্যঙ্গাত্মক হিসেবেই উপস্থাপন করা হয়েছে।
মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ডেনমার্কের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব দিয়েছিলেন তার প্রতিক্রিয়া হিসেবেই ক্যালিফোর্নিয়া কিনতে চান ডেনিশরা।
পিটিশনটিতে বলা হয়েছে, ‘আপনি কি কখনো ভেবেছেন যে ডেনমার্কের আরো রোদ, খেজুর গাছ ও রোলার স্কেট দরকার? সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেয়ার জন্য আমাদের জীবনে একবারই সুযোগ এসেছে। চলুন, ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ক্যালিফোর্নিয়া কেনা যাক। হ্যাঁ, ঠিকই শুনেছেন। ক্যালিফোর্নিয়া আমাদের হতে পারে। আর তা বাস্তবে রূপ দিতে আপনাদের সহায়তা দরকার।’
ক্যালিফোর্নিয়া কেনার প্রস্তাব থেকে ডেনমার্ক কীভাবে উপকৃত হতে পারে তার কয়েকটি কারণ এতে তুলে ধরা হয়েছে। কারণগুলোর মধ্যে রয়েছে উন্নত আবহাওয়া, অ্যাভোকাডো সরবরাহের নিশ্চয়তা ও প্রযুক্তিখাতে আধিপত্য। পাশাপাশি ডিজনিল্যান্ডের নাম পরিবর্তন করে ‘হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেনল্যান্ড’ রাখার কথাও বলা হয়েছে। মজা করে বলা হয়েছে, মিকি মাউসকে ভাইকিং হেলমেট পরানো যেতে পারে।
গত ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নেয়া অত্যন্ত জরুরি বলে উভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড ও ডেনমার্কের কর্মকর্তারা ট্রাম্পের দ্বীপটি কেনার প্রস্তাবের বিপক্ষে অবস্থান নিয়েছেন। তবে, কিছু ড্যানিশ কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন, তারা আশঙ্কা করছেন যে প্রথমবারের চেয়ে ট্রাম্প এবার বিষয়টি আরো বেশি গুরুত্বসহকারে নিচ্ছেন।
সূত্র: সিএনএন








