ভারত সামরিক পদক্ষেপ বন্ধ করলে পাকিস্তান শান্তির কথা বিবেচনা করবে বলে জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। তিনি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়েরও দায়িত্ব পালন করছেন। শনিবার (১০ মে) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে এ কথা জানিয়েছেন তিনি। তার মতে, সংঘাত বন্ধের ‘বল ভারতের কোর্টে’। খবর রয়টার্সের।
পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত ক্রমেই বেড়ে চলেছে। চলমান এ সংঘাত বন্ধ ও আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য প্রতিবেশী দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি-৭। পাশাপাশি আজ সকালে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। দুই দেশের মধ্যে ‘গঠনমূলক আলোচনার’ জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন তিনি।
এরপরই জিও নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন ইসহাক দার। সেখানে মার্কো রুবিওর সঙ্গে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, রুবিও ও সৌদি পররাষ্ট্রমন্ত্রীসহ বিশ্ব নেতাদের সঙ্গে তার আলোচনা 'ইতিবাচক' ছিল। ভারতের সঙ্গে আলোচনা শুরু হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
পরে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ফোনালাপ করেছেন রুবিও। তিনি দুই দেশের মধ্যকার চলমান উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সকালে এক টুইট বার্তায় ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেন জয়শঙ্কর। বার্তায় ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মুখে 'পরিমিত ও দায়িত্বশীল' দৃষ্টিভঙ্গির প্রতি ভারতের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন তিনি।
ভারত ও পাকিস্তানের সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জি-৭ জোট। জোটের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বিবৃতিতে ‘অবিলম্বে উত্তেজনা কমানো’ ও ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন।










