স্পেনের বার্সেলোনার কাছাকাছি একটি গুদামে আগুন লাগার পর বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে বিষাক্ত ক্লোরিন গ্যাস। সতর্কতা হিসেবে ১ লাখ ৬০ হাজারের বেশি বাসিন্দাকে ঘরের ভেতর অবস্থান করার নির্দেশ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

প্রতিবেদন অনুযায়ী, শনিবার সকালে ভিলানোভা ই লা গেলত্রু শহরে একটি গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে সুইমিং পুল পরিষ্কারের জন্য ব্যবহৃত রাসায়নিক পদার্থ সংরক্ষিত ছিল। আগুন থেকে সৃষ্টি হয় ঘন কালো ধোঁয়া ও বিষাক্ত ক্লোরিন গ্যাসের মেঘ, যা আশপাশের বেশ কয়েকটি এলাকায় ছড়িয়ে পড়ে।

এরপরই কর্তৃপক্ষ ১ লাখ ৬০ হাজারের বেশি মানুষকে ঘর থেকে না বের হতে অনুরোধ জানায়। আশপাশের পাঁচটি জেলার মানুষকে জানালা ও দরজা বন্ধ রাখতে বলা হয়েছে, যাতে বিষাক্ত গ্যাসে ক্ষতি না হয়।

দমকল বাহিনী জানিয়েছে, অনেক ইউনিট একসঙ্গে কাজ করছে আগুন নেভাতে। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গ্যাসের স্তম্ভ ও বিষাক্ত মাত্রা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন তারা।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্লোরিন খুব সহজে আগুন ধরে না, কিন্তু একবার ধরলে তা নেভানো খুব কঠিন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লিথিয়াম ব্যাটারি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

ভিলানোভার মেয়র আশ্বস্ত করে বলেছেন, আগুন নিয়ন্ত্রণে এলে ধীরে ধীরে বিষাক্ত গ্যাসও ছড়ানো বন্ধ হবে এবং স্বাভাবিক অবস্থায় ফেরা যাবে। সতর্কতার অংশ হিসেবে এলাকার রাস্তাঘাট ও ট্রেন চলাচলও বন্ধ রাখা হয়েছে।