প্রায় দুই সপ্তাহ গড়াল। এখনো উদ্ধার করা সম্ভব হয়নি ভারতের উত্তরাখণ্ডে নির্মাণাধীন টানেলে আটকে থাকা ৪১ শ্রমিককে। শেষ মুহূর্তে গিয়ে ফের ধাক্কা খেয়েছে উদ্ধার অভিযান। ফলে আটকে পড়াদের উদ্ধারে নতুন পরিকল্পনা হাতে নিয়েছেন সংশ্লিষ্টরা। খবর এনডিটিভি।

উদ্ধারকারীরা জানান, ভুক্তভোগী শ্রমিকদের কাছ থেকে তারা ১০-১২ মিটার দূরে রয়েছেন।

শুক্রবার রাতের মধ্যে শ্রমিকদের বের করে আনা সম্ভব হবে বলে এর আগে জানিয়েছিলেন উদ্ধারকারীরা। কিন্তু সেটি সম্ভব হয়নি।

শ্রমিকদের উদ্ধারে যুক্তরাষ্ট্রের খনন যন্ত্র দিয়ে টানেলের ধ্বংসস্তূপের ভেতর ৬০ মিটার লম্বা পাইপ বসানোর কাজ চলছিল। শুক্রবার রাতে সেটি একটি লোহায় আঘাত হানে। এতে ক্ষতিগ্রস্ত হয় মেশিনটি। এরপর উদ্ধার অভিযান বন্ধ হয়ে যায়। পরে সিদ্ধান্ত হয় ড্রিল মেশিনের বদলে হাত দিয়ে (ম্যানুয়ালি) ধ্বংসস্তূপ সরানোর কাজ করা হবে।

এ ব্যাপারে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুসকার সিং ধামি জানান, রোববার (আজ) থেকে হাত দিয়ে উদ্ধার অভিযান শুরু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিয়মিত এ ব্যাপারে খোঁজখবর রাখছেন।