রোমান ক্যাথলিক গির্জার নতুন পোপ নির্বাচিত হয়েছেন আমেরিকান রবার্ট প্রিভোস্ট। প্রয়াত পোপ ফ্রান্সিসের উত্তরসূরি হলেন তিনি। রবার্ট প্রিভোস্টই প্রথম একজন আমেরিকান পোপ হিসেবে ইতিহাস গড়লেন। পোপ হিসেবে তার নাম হবে ‘পোপ লিও’। তিনি হবেন পোপ লিও চতুর্দশ। নতুন পোপ নির্বাচনের গোপন কনক্লেভে বৃহস্পতিবার ভোটের দ্বিতীয় দিনের শুরুতে কার্ডিনালরা সিদ্ধান্তে পৌঁছতে না পারলেও চতুর্থ দফার ভোটে সফলতা এসেছে। ক্যাথলিক খ্রিস্টানদের আনন্দে ভাসিয়ে ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে অবশেষে দেখা যায় সাদা ধোঁয়া। এর মানে, নতুন একজন পোপ বেছে নিয়েছেন কার্ডিনালরা।
ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রার্থনার মধ্য দিয়ে গতকাল বুধবার পোপ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়। ওইদিন স্থানীয় সময় বিকালে প্রথম দফায় ভোট দেন কার্ডিনালরা। প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর সিস্টিন চ্যাপেলের চিমনি দিয়ে কালো ধোঁয়া বের হয়। অর্থাৎ প্রথম দফার ভোটে পোপ হিসেবে কেউ নির্বাচিত হননি। এরপর বৃহস্পতিবার সকালে দুই দফা ভোটাভুটির পরও কালো ধোঁয়া বের হয় চিমনি দিয়ে। তাই এদিন আবারো ভোটের প্রক্রিয়া শুরু হয়। পোপ নির্বাচনের প্রথা অনুযায়ী কনক্লেভের দ্বিতীয় দিন থেকে প্রতিদিন চারবার ভোট দেন কার্ডিনালরা।
এবারের কনক্লেভের মাধ্যমে ২৬৭তম পোপ নির্বাচিত হলেন। এ প্রক্রিয়ায় অংশ নিয়েছেন ৭০টি দেশের ১৩৩ জন কার্ডিনাল। যে কার্ডিনালদের বয়স ৮০ বছরের নিচে, প্রথা অনুযায়ী
তারাই কেবল নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেন। নির্বাচনের সময় তাদের কঠোর গোপনীয়তা মেনে চলতে হয়।










