চীন সফরে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ মঙ্গলবার বেইজিংয়ে ‘বেল্ট অ্যান্ড রোড ফোরামের’ শীর্ষ সম্মেলন শুরু হয়েছে। এতে ১৩০টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে চীন। মূলত এই সম্মেলনের অংশ নিতেই চীনে গেছেন পুতিন।
মূলত এই সম্মেলন এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বৈশ্বিক গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য পাচ্ছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান যুদ্ধ।
বুধবার (১৮ অক্টোবর) শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন পুতিন। এর আগে ভিয়েতনাম, থাইল্যান্ড, মঙ্গোলিয়া এবং লাওসের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এই সফরের মধ্য দিয়ে চীনা প্রেসিডেন্টের সঙ্গে তার সম্পর্ক আরো জোরদার হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
২০১৩ সালে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ উদ্যোগ নেন শি জিনপিং। এতে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি এশিয়া থেকে ইউরোপজুড়ে বিস্তৃত। শতাধিক দেশ রেলপথ, বন্দর, মহাসড়ক ও অন্যান্য অবকাঠামো প্রকল্পের জন্য চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে। তবে এটিকে পশ্চিমা দেশগুলোর বিরোধী প্রকল্প হিসেবে দেখে অনেকে।










