প্রতি বছরের জুন মাসের পূর্ণিমাকে বলা হয় স্ট্রবেরি মুন। তবে এবার দেখা যাবে এক বিশেষ ধরনের স্ট্রবেরি মুন, যা ঘটে প্রতি ১৮ বছর ৬ মাস পর। জ্যোতির্বিজ্ঞানে একে বলা হয় ‘মেজর লুনার স্ট্যান্ডস্টিল’। খবর সিএনএন।
এ বিশেষ ঘটনার কারণে আজ মঙ্গলবার রাত ও আগামীকাল বুধবার ভোরে পূর্ণচন্দ্রকে দেখা যাবে আকাশের সবচেয়ে নিচু অবস্থানে। পৃথিবীর উত্তর গোলার্ধ থেকে এই দৃশ্য স্পষ্টভাবে দেখা যাবে।
‘মেজর লুনার স্ট্যান্ডস্টিল’ এমন একটি জ্যোতির্বৈজ্ঞানিক অবস্থা, যখন চাঁদ তার কক্ষপথের সবচেয়ে উত্তর বা দক্ষিণ বিন্দুতে পৌঁছে যায়। এতে চাঁদের গতি থেমে আছে বলে মনে হয়।
এ অবস্থার প্রভাব শুরু হয়েছে চলতি বছরের জানুয়ারিতে এবং এখনো তা চলমান রয়েছে। এই কারণেই জুন মাসের এই পূর্ণচন্দ্র এতটা নিচু অবস্থানে দেখা যাচ্ছে, যা গত এক দশকে দেখা যায়নি।
জুন মাসের এই পূর্ণিমাকে স্ট্রবেরি মুন বলার কারণ এই সময়টায় উত্তর আমেরিকায় স্ট্রবেরি বা বেরি জাতীয় ফল পাকতে শুরু করে। তাই অনেক আদিবাসী গোষ্ঠী এই চাঁদকে ‘ব্ল্যাকবেরি মুন’ বা ‘র্যাসবেরি মুন’ বলেও ডাকে।










