সুদহার কমিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ (ফেড)। উত্তেজনাপূর্ণ ও দ্বিধা-বিভক্ত দুদিনের বৈঠকের পর গতকাল ২৫ বেসিস পয়েন্ট সুদহার কমানোর সিদ্ধান্ত নেয় মার্কিন আর্থিক খাতের নীতি-নির্ধারণী সংস্থাটি। বৈঠকে উত্তেজনার কেন্দ্রে ছিল দুটি বিষয়। সুদহার বিষয়ে সিদ্ধান্ত নিতে দুর্বল শ্রমবাজার ও তুলনামূলক উচ্চ মূল্যস্ফীতির মধ্যে কোনোটিকে প্রাধান্য দেয়া হবে তা নিয়ে বিতর্ক হয়। খবর এফটি।
এতে বাজার প্রত্যাশা অনুসারে ফেডের সুদহার কমে এসেছে ৩ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৭৫ শতাংশ সীমায়। এ নিয়ে চলতি বছর পরপর তৃতীয়বার সুদহার কমল যুক্তরাষ্ট্রে।
সাম্প্রতিক মাসগুলোয় যুক্তরাষ্ট্রের বেকারত্বের হার বেড়েছে এবং নতুন কর্মসংস্থান কমেছে। এতে চাকরির বাজারে নিম্নমুখী ঝুঁকি বাড়ায় সুদহার কমানোর পক্ষে ছিলেন নীতি-নির্ধারকদের একটি অংশ। অন্যদিকে মূল্যস্ফীতি ফেডের লক্ষ্যমাত্রার তুলনায় কিছুটা উচ্চ স্তরে থাকায় সুদহার অপরিবর্তিত রাখার পক্ষে ছিলেন কেউ কেউ।
ফেডের নীতিনির্ধারণী কমিটির ১২ ভোটারের মধ্যে ৩ জন সুদহার কর্তনের বিরুদ্ধে ভোট দেন। ২০১৯ সালের পর এটিই সবচেয়ে বড় আপত্তির ঘটনা।
ফেডের সুদহার হ্রাসের ঘোষণার ইতিবাচক প্রভাব পড়েছে আর্থিক বাজারে। এসঅ্যান্ডপি ৫০০ সূচক দশমিক ৭ শতাংশ বৃদ্ধি নিয়ে বুধবার লেনদেন শেষ করে। ওয়াল স্ট্রিটের অন্য দুই গুরুত্বপূর্ণ শেয়ারবাজার সূচক ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ও নাসডাক কম্পোজিট বেড়েছে যথাক্রমে ১ দশমিক শূন্য ৫ ও দশমিক ৩৩ শতাংশ। সাধারণ ফেডের নীতির প্রতি অত্যন্ত সংবেদনশীল থাকে দুই বছর মেয়াদি ট্রেজারি বন্ড। এর ইল্ড দশমিক শূন্য ৭ শতাংশীয় পয়েন্ট কমে হয়েছে ৩ দশমিক ৫৪ শতাংশ।













