গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হামাস গতকাল আরো তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। রেড ক্রসের মাধ্যমে তাদের ইসরায়েলের হাতে তুলে দেয়া হয়। এর বিনিময়ে ইসরায়েল দুই কারাগার থেকে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে। খবর রয়টার্স।

মুক্তির আগে গতকাল গাজার খান ইউনিস শহরে একটি মঞ্চের দিকে হামাস যোদ্ধাদের তিন জিম্মিকে নিয়ে যেতে দেখা যায়। সেখানে জমায়েত হওয়া জনতার সামনে তাদের বক্তব্য দিতে বলা হয়। তারা যুদ্ধবিরতির আওতায় বাকি জিম্মি ও বন্দি বিনিময় শেষ করার আহ্বান জানান। পরে তাদের রেড ক্রসের সদস্যদের হাতে তুলে দেয়া হয়। তিন ইসরায়েলি হলেন সাগুই দেকেল চেন, সাশা ত্রুপানভ ও ইয়াইর হর্ন। ইসরায়েলি বাহিনীও তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

জিম্মিদের স্বাগত জানাতে তেল আবিবে লোকজন জড়ো হন। অন্যদিকে কিছুক্ষণ পরই ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ফিলিস্তিনি বন্দিদের বহনকারী একটি বাস দখলকৃত পশ্চিম তীরের রামাল্লায় প্রবেশ করে।

এছাড়া ইসরায়েলের নেগেভ মরুভূমির একটি কারাগার থেকে কয়েকটি বাসে করে আরো কিছু ফিলিস্তিনি বন্দি গাজায় পৌঁছেন।