হামাস-ইসরায়েলের সাময়িক যুদ্ধবিরতির
মাঝেই পশ্চিম তীরে হামলা চালানো হয়েছে। পৃথক ঘটনায় নিহত হয়েছেন ছয় ফিলিস্তিনি। খবর
রয়টার্স।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,
গতকাল শনিবার (২৫ নভেম্বর) দিবাগত গভীর রাত ও আজ রোববার ভোরে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি
বাহিনীর গুলিতে একজন নাবালকসহ ছয় ফিলিস্তিনি নিহত হয়েছে।
এর মধ্যে জেনিন শহরে পাঁচজন ও নাবলুস
শহরের কাছাকাছি ইয়াতমা গ্রামে একজন নিহত হয়েছেন। জেনিনে আরো ছয়জন আহত হয়েছেন।
তবে বিষয়টি নিয়ে সরাসরি রয়টার্সের মাঝে
মন্তব্য করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। তাদের সামরিক মুখপাত্রের কার্যালয় থেকে বলা হয়,
খবরগুলো যাচাই করা হচ্ছে।
এদিকে কাতার মধ্যস্থতায় গাজায় চারদিনের
যুদ্ধবিরতি কার্যকর হয়েছে গত ২৪ নভেম্বর। এরই মধ্যে দুই দফায় ইসরায়েলি ও ফিলিস্তিনি
মিলিয়ে প্রায় ৪০ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। অন্যদিকে ইসরায়েলের জেল থেকে ছাড়া পেয়েছে
অর্ধ শতাধিক ফিলিস্তিনি নারী ও কিশোর-কিশোরী।
গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলের অভিযানে
এক হাজার ২০০ জনকে হত্যা করে হামাস। অপহরণ করে নিয়ে যায় ২৪০ জনকে। ইসরায়েলের দাবি নিহত
ও অপহৃতদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এরপর গাজায় ইসরায়েলি বোমাবর্ষণে প্রায় ১৫ হাজার
মানুষ নিহত হয়েছেন। যাদের দুই-তৃতীয়াংশের বেশি নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৩০ হাজার
মানুষ। কিন্তু ইসরায়েল হাসপাতালগুলো ধ্বংস করে দেয়ায় গাজায় মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা।










