ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোতে ফের বড় হামলা চালিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার (১১ এপ্রিল) পোল্যান্ড সীমান্তবর্তী লভিভ থেকে উত্তর পূর্ব খারকিভ পর্যন্ত পাঁচটি অঞ্চলে এ হামলা চালানো হয়েছে। এতে দুই লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। খবর আল জাজিরা।
সংবাদমাধ্যমটি বলছে, কয়েকদিন আগেও ইউক্রেনে একই ধরনের হামলা চালায় মস্কো। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ঘাটতির মধ্যেই হামলা জোরদার করেছে রাশিয়া।
ইউক্রেনের বিমান বাহিনীর কমান্ডার জানান, মোট ৮২টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালানো হয়। যার মধ্যে ১৮টি ক্ষেপণাস্ত্র ও ৩৯ ড্রোন ভূ-পাতিত করা হয়েছে। আকাশ পথে হামলা জোরদার করায় সম্প্রতি পশ্চিমা দেশগুলোর কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে আবেদন জানিয়েছে ইউক্রেন।
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টেলিগ্রাম বার্তায় বলেছেন, দীর্ঘ আলোচনার পরিবর্তে আমাদের এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।










