পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো। ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষিতে পাকিস্তানের আকাশসীমায় বিমান চলাচল বন্ধ হয়ে যায়।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্য অনুযায়ী, রাত থেকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করছে না বেশিরভাগ বিদেশী বিমান সংস্থা।
ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ বেসামরিক নাগরিক নিহত হওয়ার দুই সপ্তাহ পর বুধবার (মঙ্গলবার দিবাগত) রাত একটার দিকে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে (পিওকে) হামলা চালায় ভারত। নয়া দিল্লি বলছে, পাকিস্তানের কোনো সামরিক স্থাপনা করে হামলা চালানো হয়নি। সন্ত্রাসী অবকাঠামোর লক্ষ্য করে সুনির্দিষ্ট বিমান হামলা চালিয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী। মঙ্গলবার গভীর রাতে চালানো এই হামলার কোডনেম ছিল ‘অপারেশন সিন্দুর’।
ভাওয়ালপুর, কোটলি এবং মুজাফ্ফরাবাদে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। বুধবার রাত ১টা ৬ মিনিটে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানান। ভারতীয় হামলায় অন্তত ৩ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ।










