ইরানজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপুর বলেছেন, সরকারবিরোধী গণবিক্ষোভ দমন অভিযানের পর বাহিনী এখনো ‘ট্রিগারে আঙুল রেখে’ প্রস্তুত রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরান এখনো আলোচনায় আগ্রহী বলেই মনে হচ্ছে। খবর দ্য টাইমস অব ইসরায়েল।
গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। সেবার ১২ দিন ধরে ইরান–ইসরায়েল সংঘাত চলে। ওই যুদ্ধের লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা দুর্বল করা। তারপর থেকেই দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপের বিকল্প খোলা রেখেছেন ট্রাম্প।
বৃহস্পতিবার দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম (ডব্লিউইএফ) থেকে ফেরার পথে ট্রাম্প এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, যদি প্রয়োজন পড়ে, তাই যুক্তরাষ্ট্র ইরানের দিকে বিশাল নৌবহর পাঠাচ্ছে। তিনি আরো বলেন, আমি চাই না তেমন কিছু ঘটুক, তবে আমরা তাদের ওপর কড়া নজর রাখছি।
এছাড়া ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া টানা দুই সপ্তাহের সরকারবিরোধী বিক্ষোভ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ধর্মীয় শাসনব্যবস্থাকে নাড়িয়ে দেয়। তবে অধিকারকর্মী ও সরকারি সূত্রগুলোর মতে, কঠোর দমন অভিযানের মুখে আন্দোলনটি স্তিমিত হয়ে পড়েছে। এ দমন অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
এ সহিংস বিক্ষোভের জন্য ইসরায়েল ও যুক্তেরাষ্ট্রকে বরাবর দায়ী করে আসছে ইরান। দেশটির প্রেসিডেন্ট বলেন, তারা কাপুরুষের মতো ১২ দিনের যুদ্ধে হেরে যাওয়ার প্রতিশোধ নিতে চাচ্ছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে সতর্ক করে মোহাম্মদ পাকপুর বলেছেন, ভুল হিসাব এড়াতে ঐতিহাসিক অভিজ্ঞতা ও ১২ দিনের যুদ্ধ থেকে তারা যেন শিক্ষা নেয়। নতুবা তাদের আরো বেদনাদায়ক ও অনুশোচনামূলক পরিণতির মুখে পড়তে হবে।
তিনি আরো বলেন, সর্বাধিনায়ক ও সর্বোচ্চ নেতার আদেশ ও নির্দেশ বাস্তবায়নে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস ও প্রিয় ইরান ট্রিগারে আঙুল রেখে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত রয়েছে।
গত এক সপ্তাহে তেহরানের বিরুদ্ধে তাৎক্ষণিক মার্কিন সামরিক অভিযানের আশঙ্কা কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। উভয় পক্ষই কূটনীতিকে সুযোগ দেয়ার কথা বলছে, যদিও মার্কিন গণমাধ্যমগুলো জানিয়েছে, ট্রাম্প এখনো বিভিন্ন বিকল্প পর্যালোচনা করছেন।














