গাজার বৃহৎ হাসপাতাল আল শিফায় পুনরায় অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী (আইডিএফ)। হামাসের সদস্যরা হাসপাতালটি ব্যবহার করছে; এমন অভিযোগের ভিত্তিতে সেখানে হামলা শুরু করেছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার (১৮ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তেল আবিব। খবর বিবিসি। 

বিবৃতিতে বলা হয়েছে, হামাসের উচ্চপদস্থ নেতারা এই হাসপাতাল ব্যবহার করে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করছে এমন অভিযোগের ভিত্তিতে তারা সেখানে হামলা শুরু করেছে। 

এর আগে গত বছরের নভেম্বরে গাজার এই বৃহৎ হাসপাতালে অভিযান চালিয়ে আন্তর্জাতিক চাপে পড়ে তেল আবিব। সে সময় একই অভিযোগের ভিত্তিতে সেখানে হামলা করেছিল আইডিএফ। তবে এসব হামলায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। 

এক প্রত্যক্ষদর্শীর বরাতে বিবিসি জানিয়েছে, আল-শিফায় বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া হাসপাতাল ভবনটি ইসরায়েলি সাজোয়া ট্যাংক ঘিরে রেখেছে বলেও জানানো হয়েছে। 

তেল আবিব বার বার হামাসের বিরুদ্ধে আল-শিফা ব্যবহারের অভিযোগ করলেও এসব অভিযোগ অস্বীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটি।