গাজা উপত্যকা দক্ষিণাঞ্চলে রাতভর ইসরায়েলি বিমান হামলায় ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অনেকেই নারী ও শিশু। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) এ তথ্য দিয়েছে আলজাজিরা।

চিকিৎসা সংক্রান্ত সূত্রের বরাত দিয়ে কাতার ভিত্তিক গণমাধ্যমটি জানিয়েছে, রাফা ও খান ইউনিসে বোমা হামলায় শতাধিক আহত হয়েছেন।

মাইক্রো ব্লগিং প্লাটফর্ম এক্সে আলজাজিরা আরবির পোস্ট করা ভিডিওতে দেখা যায়, গুরুতর আহতদের দক্ষিণ গাজার একটি হাসপাতালে নিয়ে যাচ্ছেন চিকিৎসাকর্মীরা।

এক পৃথক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে রাতভর ২০০টি হামলা চালানো হয়েছে।

এদিকে ১১ দিন ধরে চলা ইসরায়েলি হামলায় গাজা জুড়ে নিহত হয়েছেন দুই হাজার ৮০০ এর বেশি বাসিন্দা। আহত ১০ হাজার ছাড়িয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলি নিহত হয়েছে প্রায় এক হাজার ৪০০ জন।