ইরান যুদ্ধের প্রথম ৬ দিনে যুক্তরাষ্ট্রের ১১ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। মার্কিন কংগ্রেসকে এসব তথ্য জানিয়েছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। রুদ্ধদ্বার ওই বৈঠকে উপস্থিত সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের খবরে বলা হয়, ট্রাম্প প্রশাসন যুদ্ধের যে ব্যয় দেখিয়েছে তা পূর্ণাঙ্গ ব্যয় নয়। কংগ্রেসের কিছু সদস্য বলেছেন, হোয়াইট হাউস শিগগিরই যুদ্ধের জন্য বাড়তি তহবিলের আবেদন কংগ্রেসের কাছে জমা দিতে পারে। এ চাহিদা ৫০ বিলিয়ন ডলারের মতো হতে পারে বলে ধারণা করছেন কয়েকজন সদস্য।

ট্রাম্প প্রশাসন এ যুদ্ধের সময়কাল বা প্রকৃত ব্যয় নিয়ে এখন পর্যন্ত কোনো স্পষ্ট বক্তব্য দেয়নি। তবে ইরান ওয়ার কস্ট ট্র্যাকারের বরাতে এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের মোট ব্যয় ১৭ বিলিয়ন ডলারের বেশি। এ হিসাব অনুযায়ী যুক্তরাষ্ট্র প্রতিদিন প্রায় ১ বিলিয়ন ডলার ব্যয় করছে।