মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অন্যতম বিতর্কিত পদক্ষেপ সর্বজনীন শুল্ক বা গ্লোবাল ট্যারিফ নীতিকে অবৈধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। খবর সিএএন।

স্থানীয় সময় শুক্রবার এক ঐতিহাসিক রায়ে আদালত জানিয়েছেন, জরুরি অবস্থার দোহাই দিয়ে কংগ্রেসের অনুমতি ছাড়া এককভাবে আমদানিকৃত পণ্যের ওপর এ বিশাল শুল্ক আরোপ করে প্রেসিডেন্ট তার ক্ষমতার অপব্যবহার করেছেন।

দেশটির বাণিজ্যমন্ত্রী স্কট বেসেন্ট ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন, ট্রাম্পের আরোপ করা শুল্ক যতটা সম্ভব বহাল রাখার জন্য সরকারের পক্ষ থেকে আরো যুক্তি উপস্থাপন করা হবে।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর উচ্চ কর আরোপ করেন। সব দেশের আমদানি পণ্যের ওপর ১০-২০ শতাংশ সর্বজনীন শুল্ক আরোপের পাশাপাশি চীনসহ বিভিন্ন দেশের ওপর উচ্চহারে শুল্ক আরোপ করেন ট্রাম্প।

এ সিদ্ধান্তের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করা হয়েছিল। মামলার পর নিম্ন আদালত এবং ওয়াশিংটনের ডিস্ট্রিক্ট জজ ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তকে বেআইনি ঘোষণা করে রায় দিয়েছিলেন। পরে নিম্ন আদালতের এই রায়ে অসন্তুষ্ট হয়ে ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিচারিক সংস্থা সুপ্রিম কোর্টে আপিল করে।