কানাডার নবনির্বাচিত প্রধানমন্ত্রী মার্ক কার্নি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। খবর দ্য গার্ডিয়ান।
অটোয়ার রিডো হলে কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর এক ভাষণে তিনি বলেন, ‘আমরা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অংশ হবো না। আমরা সম্পূর্ণ ভিন্ন একটি দেশ।‘ তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংযুক্তির হুমকির জবাবে এ মন্তব্য করেন।
কার্নি আরো বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্মান আশা করে, তবে তার সরকার ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করার উপায় খুঁজতে চায়।
মাত্র এক সপ্তাহ আগে অনুষ্ঠিত নির্বাচনে কার্নি ৮৫.৯ শতাংশ ভোট পেয়ে বিপুল ব্যবধানে লিবারেল পার্টির নেতা নির্বাচিত হন, হারিয়ে দেন সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডসহ অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের। তার পূর্বে নির্বাচনের কোনো অভিজ্ঞতা ছিল না এবং তিনি হাউস অব কমন্সেরও সদস্য নন। কানাডার ইতিহাসে এটি বেশ বিরল ঘটনা।
এখন ধারণা করা হচ্ছে তিনি শিগগিরই নির্বাচন ঘোষণা করবেন। কারণ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধ এবং সংসদে আসন না থাকায় তিনি পার্লামেন্ট অধিবেশনে যোগ দিতে পারছেন না।
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক চাপ কানাডার অর্থনীতিকে বিপর্যস্ত করতে পারে এবং দীর্ঘমেয়াদে ঠেলে দিতে পারে মন্দার দিকে। মার্কিন বাণিজ্য শুল্ক দীর্ঘ সময় বহাল থাকলে কানাডার অর্থনীতিতে বড় ধাক্কা আসতে পারে।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুক্রবার বলেছেন, ‘কানাডার জন্য যুক্তরাষ্ট্রের ৫১তম রাজ্য হওয়া অর্থনৈতিকভাবে ভালো হবে।‘ এর প্রতিক্রিয়ায় কার্নি সংক্ষেপে বলেন, ‘এটা পাগলামি। এর বেশি কিছু বলার নেই।‘










