যুক্তরাজ্যের
সাউথপোর্টের হার্ট স্ট্রিটে একটি নাচের কর্মশালায় ছুরি দিয়ে হামলা করা হয়েছে। এতে
২ শিশু নিহত এবং ৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে
মার্সিসাইড পুলিশ। বিবিসির খবর।
গতকাল সোমবার (২৯ জুলাই) ইংল্যান্ডের উত্তর–পশ্চিমাঞ্চলীয় শহর সাউথপোর্টের হার্ট স্ট্রিটে টেইলর সুইফট ইয়োগা ও
নাচের কর্মশালায় এ হামলার ঘটনা ঘটে। হামলা থেকে শিশুদের রক্ষায় দুই ব্যক্তি এগিয়ে
গেলে তারাও আহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে ল্যাঙ্কাশায়ারের ব্যাঙ্কস থেকে ১৭ বছর
বয়সী এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
তবে এই হামলার কারণ কী
তা এখনো অস্পষ্ট। পুলিশ বলছে, তারা এ ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছে
না। মার্সিসাইড পুলিশের চিফ কনস্টেবল সেরেনা কেনেডি এ ব্যাপারে বলেন, স্কুলে
শিশুরা টেইলর সুইফট থিম নাচের কর্মশালায় যোগ দেয়। এ সময় হামলাকারী ছুরি হাতে এসে
শিশুদের ওপর হামলা করে।
তিনি জানান, সন্দেহভাজন
কিশোরের জন্ম কার্ডিফ শহরে। তাকে গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করছে।
পুলিশ জানায়, স্থানীয়
সময় বেলা ১১টা ৪৭ মিনিটে পুলিশকে ফোন করে এ হামলার খবর জানানো হলে এরপরই পুলিশ
সশস্ত্র গাড়ি, ১৩টি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস নিয়ে ঘটনাস্থলে যায়। নাচের
কর্মশালায় ছিল ৬ থেকে ১০ বছর বয়সী বেশ কয়েকজন শিশু।
ঘটনাটিকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেছেন স্থানীয় গণমাধ্যমের সাংবাদিক
টিম জনসন। তিনি বলেন, এমন ঘটনা তিনি কখনো দেখেননি।
হামলার হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজা তৃতীয় চার্লস এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তাঁরা আক্রান্তদের প্রতি গভীর সমবেদনাও জানিয়েছেন।










