উচ্চশিক্ষা কর্মসংস্থানের বড় সহায়ক হলেও ইউরোপে বিশ্ববিদ্যালয় স্নাতকদের ক্ষেত্রে দেশভেদে বড় ধরনের বৈষম্য দেখা যাচ্ছে। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ তথ্যে দেখা গেছে, গত বছর ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সাম্প্রতিক স্নাতকদের গড় কর্মসংস্থান হার ছিল ৮৪ দশমিক ৯ শতাংশ। এর মধ্যে শীর্ষস্থানে ছিল বুলগেরিয়া। আর এদিক থেকে সবচেয়ে খারাপ অবস্থানে ছিল তুরস্ক। গড় এ হার সন্তোষজনক হলেও বিশ্লেষণে উঠে এসেছে অঞ্চলকেন্দ্রিক বিভিন্ন চ্যালেঞ্জ। খবর ইউরো নিউজ।
সাধারণভাবে উচ্চশিক্ষা কর্মসংস্থানের সুযোগ ও আয় দুইই বাড়ায়। কিন্তু ইউরোপের শ্রমবাজারে প্রতিযোগিতা দিন দিন কঠিন হয়ে উঠছে বলে জানা যাচ্ছে পরিসংখ্যানে। গত তিন বছরে উচ্চশিক্ষা শেষ করেছেন এমন ২০-৩৪ বছর বয়সীদের কর্মসংস্থানের তথ্য বিশ্লেষণ করেছে ইউরোস্ট্যাট।
২০২৪ সালে যুক্তরাজ্যের নিয়োগদাতারা প্রায় ১৭ হাজার স্নাতক পদের বিপরীতে ১২ লাখের বেশি আবেদন পেয়েছেন। ইনস্টিটিউট অব স্টুডেন্ট এমপ্লয়ারসের (আইএসই) তথ্য অনুযায়ী, প্রতিটি পদের বিপরীতে গড়ে ১৪০টি আবেদন জমা পড়ে। ১৯৯১ সালের পর থেকে এটিই ছিল সর্বোচ্চ প্রতিযোগিতার হার।
ইউরোপজুড়ে স্নাতকদের কর্মসংস্থান হার তুলনা করলে দেখা যায়, তাদের চাকরি দেয়ার ক্ষেত্রে শীর্ষে রয়েছে বুলগেরিয়া। দেশটিতে কর্মসংস্থান হার ৯৩ দশমিক ৭ শতাংশ। এরপর রয়েছে এস্তোনিয়া, নেদারল্যান্ডস, নরওয়ে, আইসল্যান্ড, জার্মানি, হাঙ্গেরি ও পোল্যান্ড। যেখানে কর্মসংস্থানের হার ৯০ শতাংশের ওপরে। এসব দেশের বেশির ভাগেরই অবস্থান উত্তর ও মধ্য ইউরোপে। শক্তিশালী অর্থনীতি ও কার্যকর কর্মসংস্থান নীতির কারণে এখানে স্নাতকদের শ্রমবাজারে প্রবেশাধিকার তুলনামূলক সহজ।
ইউরোপে কর্মসংস্থানের ক্ষেত্রে সবচেয়ে পিছিয়ে রয়েছে তুরস্ক। দেশটিতে স্নাতকদের কর্মসংস্থান হার মাত্র ৬৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া বসনিয়া ও হার্জেগোভিনা, গ্রিস, ইতালি, সার্বিয়া ও ফ্রান্সে কর্মসংস্থান হার ৮০ শতাংশের নিচে। অর্থাৎ এসব দেশে পাঁচজন স্নাতকের মধ্যে অন্তত একজন বেকার রয়েছেন। তাদের অনেকে কাজ খুঁজছেন বা অল্প সময়ের জন্য কাজ করছেন, যা শ্রমবাজারে ‘লুকানো বেকারত্ব’ হিসেবে পরিচিত।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) বলছে, তুরস্কে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দ্রুত বাড়লেও শিক্ষা ও দক্ষতার মান বজায় রাখা সম্ভব হয়নি। ফলে শ্রমবাজারে চাহিদা ও দক্ষতার মধ্যে বড় ফাঁক তৈরি হয়েছে। দেশটিতে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত (এসটিইএম) বিষয়ে স্নাতকের হারও কম। তাই তুরস্ক ইউরোপের একমাত্র দেশ, যেখানে সাধারণ জনগণের তুলনায় বিশ্ববিদ্যালয় স্নাতকদের বেকারত্বের হার বেশি।
ইউরোপের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে জার্মানি স্নাতক কর্মসংস্থানে সবচেয়ে এগিয়ে। দেশটিতে কর্মসংস্থান হার ৯১ দশমিক ৯ শতাংশ। স্পেনে ৮২ শতাংশ আর ফ্রান্স ও ইতালিতে ৮০ শতাংশের নিচে। যুক্তরাজ্যের তথ্য ইউরোস্ট্যাটে নেই। তবে দেশটির উচ্চশিক্ষা পরিসংখ্যান সংস্থার তথ্য বলছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক শেষে ৮২ শতাংশই ১৫ মাসের মধ্যে কাজে নিযুক্ত হয়েছেন।










