ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ শুক্রবার আকস্মিক সফর করেছেন ব্রিটেনের প্রিন্স হ্যারি। সেখানকার কেন্দ্রীয় রেলস্টেশনে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। দেশটির রেল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিএনএন।
প্রিন্স হ্যারির এ সফর নিয়ে ইউক্রেনের রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ‘আমরা ইউক্রেনের বন্ধুদের আমাদের ট্রেনে স্বাগত জানাতে পেরে আনন্দিত!’ ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, তাদের কর্মীরা হ্যারির সঙ্গে তাকে বহনকারী ট্রেনে ছিলেন এবং ইউক্রেন সরকারের আমন্ত্রণে সফরটি হয়েছে।
সিএনএন তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রিন্স হ্যারি তার ‘ইনভিক্টাস গেমস ফাউন্ডেশন’-এর একটি টিম নিয়ে ট্রেনে কিয়েভে পৌঁছান। সেখানে তিনি ইউক্রেনের আহত নাগরিকদের পুনর্বাসনে নতুন উদ্যোগের ঘোষণা দিতে পারেন বলে আশা করা হচ্ছে। রাজপরিবারের অন্য সদস্যদের মতো তিনিও বিভিন্ন দাতব্য সংস্থার পৃষ্ঠপোষকতা করেন। তিনি নিজেও প্রায় এক দশক সেনাবাহিনীতে কাজ করেছেন। ২০১৪ সালে যুদ্ধাহত ও সক্রিয় সেনাদের জন্য আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা ‘ইনভিক্টাস গেমস’ চালু করেন।
জানা গেছে, এর আগেও ইউক্রেন সফর করেছেন প্রিন্স হ্যারি। চলতি বছরের এপ্রিল মাসে তিনি পূর্ব ঘোষণা ছাড়াই পশ্চিম ইউক্রেনের লভিভ শহরে যান এবং যুদ্ধপীড়িতদের সঙ্গে সাক্ষাৎ করেন। এছাড়াও সম্প্রতি ব্রিটেনে সফরকালে তিনি তার ফাউন্ডেশনের মাধ্যমে গাজা ও ইউক্রেনের শিশুদের জন্য ৫ লাখ ডলার অনুদান ঘোষণা করেন।
এর আগে চলতি সপ্তাহের প্রথমার্ধে নিজের জন্মভূমি ব্রিটেনে একক সফরে যান প্রিন্স হ্যারি। এ সফরে দীর্ঘ ১৯ মাস পর বাবা রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন তিনি।










