সুদানের প্রেসিডেন্ট ভবনের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করেছে দেশটির আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)। এছাড়া সেনাপ্রধানের বাসভবন ও একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে বলেও জানিয়েছে তারা। আরএসএফের বিবৃতির বরাতে রয়টার্স জানিয়েছে, এর পাশাপাশি তারা উত্তরের শহর মেরোওয়ে এবং পশ্চিমে এল-ওবেইদের বিমানবন্দরও দখল করেছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই দেশটির আধাসামরিক বাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা চলছে। বার্তাসংস্থা রয়টার্সসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, কয়েকদিন ধরেই সেখানে গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটছে।

রয়টার্সের বিভিন্ন সময়ের খবরে বলা হয়েছে, সেনাবাহিনীর সদর দফতরের কাছে গোলাগুলির শব্দ শোনা গেছে। সেখানে বেশ কয়েকটি সেনা ক্যাম্পে হামলাও চালিয়েছে আরএসএফ। ওই সময় সেনাবাহিনীও স্বীকার করেছে, আরএসএফের যোদ্ধারা সেনাবাহিনীর সদর দফতর দখলে নেয়ার চেষ্টা করেছে। সেনা মুখপাত্র জেনারেল নাবিল আদাল্লাহ বলেছেন, আরএসএফের যোদ্ধারা খার্তুমসহ সুদানের বিভিন্ন স্থানে বেশ কিছু সেনা ক্যাম্পে হামলা চালিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, খার্তুমের উত্তরে মেরোবিতে বন্দুকযুদ্ধ চলছে। মধ্যপ্রাচ্যভিত্তিক আল আরাবিয়া টিভি সেখানে একটি সামরিক ক্যাম্প থেকে আকাশে উঠে যাওয়া ধোঁয়ার ছবিও প্রচার করেছে।

প্রসঙ্গত, আফ্রিকার দেশ সুদানে ২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থান ঘটে। তার পর থেকেই সামরিক জেনারেলদের পরিচালিত সভরিন কাউন্সিল নামে একটি পরিষদ দেশ পরিচালনা করছে। সভরিন কাউন্সিল চায়, দুই বছরের মধ্যে আধাসামরিক বাহিনী আরএসএফকে মূল সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করতে। তবে আরএসএফ চায় আরো অন্তত দশ বছর পর এ প্রক্রিয়া শুরু হোক। পক্ষদুটির সাম্পতিক দ্বন্দ্বের মূল কারণ এটিই।