সব ভুল বুঝাবুঝির অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক রাখতে চায়, এনিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার সকালে সিলেটের কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। চীনও বাংলাদেশের সব সম্ভাবনা কাজে লাগিয়ে সম্পর্ক আরো উন্নয়ন করতে চায়।
রোহিঙ্গা
ইস্যুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সাহায্য করবে জানিয়ে মন্ত্রী আরো বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বড়
বড় দেশগুলোকে রোহিঙ্গা শরণার্থী নেয়ার অনুরোধ করা হয়েছে। অনেকে ইতিবাচক সাড়াও দিয়েছে।’
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বহুমাত্রিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, এখানে র্যাবের নিষেধাজ্ঞার বিষয়টি একেবারেই ছোটোখাটো। এ নিয়েই প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের আলোচনা হয়েছে।
ভারতের পররাষ্ট্র সচিবসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা বাংলাদেশের সঙ্গে এক হয়ে কাজ করার অঙ্গীকার করেছেন বলেও জানান তিনি।










