চীনের অর্থনীতি নিম্নমুখী থাকলেও দেশটির মুভি থিয়েটারগুলো কয়েক মাস রেকর্ড-ব্রেকিং আয় করছে। এর পেছনে মূল ভূমিকা রাখছে অল্পবয়সী নারীরা। তারা স্বদেশী চলচ্চিত্র দেখতে ভিড় করেছে৷ খবর সিএনএন। 

চীনের দুটি প্রধান বক্স অফিস ট্রেকিং অ্যাপস জানায়, চলতি বছরের জুন ও জুলাইয়ে বক্স অফিস থেকে মোট আয় হয়েছে ২ হাজার ৩৪৪ কোটি ইয়ান । যা চীনের ইতিহাসে সর্বোচ্চ।  

 জুন ও আগস্টের মধ্যে ঐতিহ্যবাহী মরসুমে টিকিট বিক্রি রেকর্ড ২৮০ কোটি ডলার বেড়েছে , যা ২০১৯ সালের ২৪০ কোটি ডলারের রেকর্ড ভেঙেছে। 

গত চার মাসে ৫৭ কোটিরও বেশি লোক সিনেমা হলে ভিড় করেছে এবং তাদের বেশিরভাগই নারী । আলিবাবার ডাটা অনুসারে, শীর্ষে থাকা ৫টি মুভির ৬১ শতাংশ দর্শকই ছিল নারী, যা রেকর্ড সর্বোচ্চ শতাংশ। যার প্রায় অর্ধেকের বেশি ছিল ২০ থেকে ২৯ বছরের মধ্যে। 

বক্স অফিসের রেকর্ড চীনের অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করছে। যদিও চীনের ৩ বছরের কভিড নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর প্রথমদিকে এ খাতটি তার গতি হারায়। বিশ্লেষকদের মতে, চীনে কঠিন সময়ে অর্থনৈতিক উন্নতিতে অবদান রাখে এ খাত। কারণ এ কঠিন সময়ে তারা অল্পমূল্যের বিনিময়ে বিনোদন পায়। 

ইউএসসি-এর ইউএস-চীন ইনস্টিটিউটের রাষ্ট্রবিজ্ঞান ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক স্ট্যানলি রোজেন বলেছেন, ‘আবাসন বা গাড়ির মতো জিনিসগুলোর জন্য চীনা নাগরিকরা তেমন অবাধ ব্যয় করতে পারছে না। কিন্তু তাদের সিনেমা দেখার সামর্থ্য রয়েছে , যার মাধ্যমে তারা তাদের হতাশা কাটিয়ে উঠতে পারে।’ 

চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে চীনের জিডিপি দশমিক ৮ শতাংশ বেড়েছে। যদিও চীনের সমস্ত সম্পত্তি বাজারের মন্দাভাব এখনো কাটেনি এবং ভবিষ্যতের অনিশ্চয়তার কারণে চীনের নাগরিকরা নগদ সংরক্ষণ বাড়িয়েছে।