অভ্যুত্থান প্রচেষ্টায় অভিযুক্ত হয়েছেন ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো। তাকে অভিযুক্ত করে সম্প্রতি একটি তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে। খবর দ্য গার্ডিয়ান।
দেশটির কংগ্রেসের একটি তদন্ত সংস্থা গত ৮ জানুয়ারি দক্ষিণপন্থীদের ব্যর্থ অভ্যুত্থানের ঘটনা তদন্ত শেষে চূড়ান্ত প্রতিবেদনে এ অভিযোগ প্রমাণিত হয়। তাতে বলা হয়, পুনঃনির্বাচনে পরাজিত হওয়ার পর ওই সময় ব্রাসিলিয়ায় হাজার হাজার বলসোনারো সমর্থক দাঙ্গায় লিপ্ত হয়েছিল।
প্রতিবেদনটির রাজনৈতিক গুরুত্ব থাকলেও আইন বিশেষজ্ঞরা বলসোনারো ও তার মিত্রদের শাস্তির বিষয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তাদের ভাষ্যমতে, কংগ্রেসের কমিটির সন্দেহভাজনদের আইনিভাবে অভিযুক্ত করার ক্ষমতা নেই। তারা শুধু তাদের তদন্তের ফলাফলগুলো বিবেচনার জন্য অ্যাটর্নি জেনারেলের কাছে উপস্থাপন করবেন।
প্রতিবেদনে বলসোনারোকে অভ্যুত্থান, আইনের শাসন ধ্বংস করা, অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং রাজনৈতিক সহিংসতার অভিযোগের মুখোমুখি হওয়ার আহ্বান জানানো হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার প্রায় ২৯ বছরের কারাদণ্ড হতে পারে। এরই সঙ্গে তিন সেনা জেনারেল ও একজন সাবেক বিচারমন্ত্রীসহ বলসোনারোর অনেক মিত্রের বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ আনা হয়েছে।
তবে অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন বলসোনারো। যদিও তদন্ত পরিচালনাকারী এলিজিয়ান গামা বলেন, ‘তদন্তে একজনের নাম উঠে এসেছে আর তিনি হলেন জাইর বলসোনারো।’
তদন্ত প্রতিবেদনে জানুয়ারির হামলাকে তার বামপন্থী উত্তরসূরি লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করে বলসোনারোকে ক্ষমতায় রাখার ষড়যন্ত্র হিসেবে দেখানো হয়েছে। এতে অভিযোগ করা হয় হামলার লক্ষ্য ছিল প্রশাসনকে অস্থিতিশীল করা ও গৃহযুদ্ধকে উসকে দেয়া।









