গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত ভারতের সাবেক ৮ নৌ সেনা সদস্যের পক্ষে দেশটির আপিল গ্রহণ করেছে কাতারের আদালত। গত মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই ৮ নৌ সেনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়েছিল। তবে এখনো শুনানির তারিখ নির্ধারণ করেননি তারা। সূত্র মতে, আপিলের নথিপত্র খতিয়ে দেখে শুনানির তারিখ নির্ধারণ করবে আদালত। খবর এনডিটিভি।

প্রতিবেদন অনুসারে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আট ভারতীয় সাবেক নৌ সেনাকে গত বছরের আগস্টে গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। তবে কাতার কর্তৃপক্ষ গ্রেফতারের কারণ সম্পর্কে জনসম্মুখে কিছু জানায়নি। কাতার আদালতের রায়ও গোপনীয় রয়ে গেছে, যা শুধু সাজাপ্রাপ্তদের আইনি দল পেয়েছে।

এর আগে বেশ কয়েকবার তাদের জামিনের আবেদন খারিজ করে কাতারের আদালত এবং গত মাসে তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করে। দিল্লি জানিয়েছে তারা ওই সেনা সদস্যদের মুক্তি নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। বন্দিদের জন্য অতিরিক্ত কনস্যুলার সুবিধা অনুমোদন করেছে দোহা।

গ্রেফতারকৃত ভারতীয় নৌ সেনা সদস্য হচ্ছেন কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার সঞ্জীব গুপ্ত, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট ও নাবিক রাগেশ গোপাকুমার।