ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডার জন্য ক্ষমা চাননি। তবে তিনি ফক্স নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, এই সম্পর্ক এখনো রক্ষা করা সম্ভব।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে জেলেনস্কির বৈঠক চলাকালীন তুমুল তর্কবিতর্ক শুরু হয়। পুরো বিশ্বের মিডিয়ার সামনেই এই তীব্র বাদানুবাদের ঘটনা ঘটেছে। ট্রাম্পের দাবি, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ শেষ করার জন্য শান্তি আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এই প্রসঙ্গেই জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে আসেন।

ফক্স নিউজের প্রধান রাজনৈতিক উপস্থাপক ব্রেট বাইয়ার জেলেনস্কিকে প্রশ্ন করেন— আজকের ঘটনার পর আপনি কি মনে করেন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আপনার সম্পর্ক টিকে থাকতে পারে?

জবাবে জেলেনস্কি বলেন, হ্যাঁ, অবশ্যই। কারণ এটি শুধু দুই প্রেসিডেন্টের সম্পর্ক নয়। এটি দুই দেশের জনগণের মধ্যে ঐতিহাসিক ও শক্তিশালী সম্পর্ক। তাই আমি সবসময় আমাদের জনগণের পক্ষ থেকে আপনাদের জনগণকে ধন্যবাদ জানাই।

তিনি আরো বলেন, অবশ্যই আমি প্রেসিডেন্ট (ট্রাম্প) এবং কংগ্রেসের প্রতি কৃতজ্ঞ। তবে প্রথমত, আমি কৃতজ্ঞ মার্কিন জনগণের প্রতি। কারণ তারা আমাদের জনগণকে বাঁচাতে সাহায্য করেছে। আমরা চাই এই শক্তিশালী সম্পর্ক টিকে থাকুক এবং আমি বিশ্বাস করি, আমরা তা বজায় রাখতে পারব।

উত্তপ্ত পরিস্থিতির বিষয়ে জেলেনস্কি বলেন, তিনি নিশ্চিত নন যে, তারা কোনো ভুল করেছেন কি না। তবে জেলেনস্কি স্বীকার করেন যে, এই ঘটনা কোনো পক্ষের জন্যই ভালো হয়নি।

তিনি বলেন, আমি কেবল সৎ থাকতে চাই এবং আমাদের অংশীদারদের সঠিকভাবে পরিস্থিতি বুঝতে দিতে চাই। একইভাবে, আমিও সবকিছু ঠিকঠাকভাবে বুঝতে চাই। আমাদের বন্ধুত্ব যেন নষ্ট না হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

উল্লেখ্য, হোয়াইট হাউসে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক চরম উত্তেজনার মধ্য দিয়ে শেষ হয়। উভয় নেতার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে তীব্র বাদানুবাদ হয়, যা বিশ্ব মিডিয়ার সামনেই ঘটে। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে দুই রাষ্ট্রনেতার চুক্তি সইয়ের কথা থাকলেও উদ্ভূত পরিস্থিতিতে শেষ পর্যন্ত তা হয়নি।