চীনে অনুষ্ঠিত সৌদি আরব ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীদের
আলোচনার দিকে তাকিয়ে আছে সারা বিশ্ব। মধ্যপ্রাচ্যের বৈরি দুই দেশ এরই মধ্যে নিজেদের
কাছাকাছি আসতে সক্ষম হয়েছে। সেই ঘনিষ্ঠতার নতুন নজির মিলল দূতাবাস খোলার সম্মতিতে।
খবর অ্যারাবিয়ান বিজনেস।
গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) বেইজিংয়ে
বৈঠকের পর যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু করার ওপর
জোর দেয় সৌদি আরব ও ইরান।
আলোচনায় নেতৃত্ব দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান।
দুই দেশই কূটনৈতিক মিশন পুনরায় চালু করতে
এবং রিয়াদ ও তেহরানে দূতাবাস খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সম্মত হয়েছে।
এছাড়া জেদ্দা ও মাশহাদে কনস্যুলেট খোলা,
পুনরায় ফ্লাইট চালু, সরকারি প্রতিনিধিদল ও বেসরকারি খাতের সফরসহ সহযোগিতা বাড়ানোর
উপায় খুঁজতে উভয় পক্ষের সমন্বয় অব্যাহত রাখা হবে। এর সঙ্গে যুক্ত রয়েছে ওমরাহ পালনসহ
দুই দেশের নাগরিকদের জন্য ভিসা প্রদান।
উভয় পক্ষ বেইজিং চুক্তির বাস্তবায়নের
ওপর জোর দেবে বলে জানিয়েছে। তাদের মতে, পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্প্রসারণ ওই
অঞ্চলে নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধিতে অবদান রাখবে।
এছাড়া ২০০১ সালের ১৭ এপ্রিল স্বাক্ষরিত
নিরাপত্তা সহযোগিতা চুক্তি এবং ১৯৯৮ সালের ২৭ মে স্বাক্ষরিত অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ,
প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা চুক্তি সক্রিয় করার প্রতিশ্রতি দিয়েছে রিয়াদ ও তেহরান।










