চিলির দক্ষিণ উপকূলে ও আর্জেন্টিনার নিকটবর্তী এলাকায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পর চিলি কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চল থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, গতকাল চিলির জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সংস্থা দক্ষিণাঞ্চলের ম্যাগেলানেস অঞ্চল এবং চিলির অ্যান্টার্কটিকা অঞ্চলজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি করে। সুনামির ঝুঁকির কারণে এ সতর্কতা নেয়া হয়েছে বলে জানানো হয়।

সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, পুয়ের্তো উইলিয়ামস শহরসহ কয়েকটি উপকূলীয় অঞ্চল থেকে শত শত মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি কেপ হর্ন ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী ড্রেক প্রণালিতে মাত্র ১০ কিলোমিটার (ছয় মাইল) গভীরতায় আঘাত হানে।

চিলির বৃহত্তম ও দক্ষিণতম অঞ্চল ম্যাগেলানেস জনসংখ্যার দিক থেকে অপেক্ষাকৃত কম। ২০১৭ সালের সরকারি হিসাব অনুযায়ী, এ অঞ্চলের জনসংখ্যা ছিল প্রায় ১ লাখ ৬৬ হাজার।

চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিচ বলেছেন, ভূমিকম্পে সাড়া দেয়ার জন্য চিলি প্রস্তুত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘আমরা ম্যাগেলানেস অঞ্চলের উপকূলজুড়ে সবাইকে সরিয়ে নেয়ার আহ্বান জানাচ্ছি। এ মুহূর্তে আমাদের দায়িত্ব হলো প্রস্তুত থাকা এবং কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলা।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, লোকজন সাইরেন বাজার মধ্যে শান্তভাবে এলাকা ছাড়ছে।

চিলির হাইড্রোগ্রাফিক ও ওশানোগ্রাফিক সার্ভিস (এসএইচওএ) জানিয়েছে, উপকূলে সৃষ্ট ঢেউগুলো অ্যান্টার্কটিকার ঘাঁটি এবং চিলির দক্ষিণাঞ্চলের শহরগুলোয় কয়েক ঘণ্টার মধ্যে পৌঁছাতে পারে।