দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আসে সারা বিশ্বের মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বর্তমান পরিস্থিতি ভিন্ন। টানা ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলের বর্বর আগ্রাসনের কারণে ভূখণ্ডটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নারী-শিশুসহ প্রতিদিন অসংখ্য মানুষের মৃত্যু, প্রিয়জন হারানোর বেদনা আর তীব্র খাবার সংকটে কঠিন সময় পার করছেন ফিলিস্তিনিরা। তবে এমন প্রতিকূল পরিস্থিতিতেও ধ্বংস, কষ্ট, বেদনাকে পাশ কাটিয়ে ঈদকে বরণও করে নিয়েছেন তারা। ঈদ উপলক্ষে আরব ও মুসলিম দেশগুলোকে শুভেচ্ছা জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। খবর আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, ঈদুল ফিতরকে স্বাগত জানাতে ফিলিস্তিনিরা তাকবীর পাঠ করে এবং মহান আল্লাহর প্রশংসা করে গাজার রাস্তায় নেমে এসেছেন।

এদিকে ঈদ উপলক্ষে ফিলিস্তিনিদের উদ্দেশে বার্তা দিয়েছে হামাস। ঈদুল ফিতরের আগে দেয়া ওই বিবৃতিতে হামাস গাজায় ফিলিস্তিনিদের তাদের শক্তি এবং অবিচলতার জন্য অভিনন্দন জানিয়েছে।

গাজা উপত্যকার ক্ষমতাসীন এ দলটি টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে বলেছে, ‘পশ্চিম তীরে, জেরুজালেমে, অধিকৃত (ঐতিহাসিক) ফিলিস্তিনের পাশাপাশি সারা বিশ্বের বাস্তুচ্যুত শিবিরে থাকা মানুষ গাজায় আমাদের এবং আমাদের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।’

হামাস আরো বলেছে, ‘আমরা পবিত্র ঈদুল ফিতরের আগমন উপলক্ষে আরব এবং ইসলামিক দেশগুলোকে অভিনন্দন জানাই।’ এ সময় ফিলিস্তিনিদের জন্য এবং ইসরায়েলি দখলদারিত্বের অবসানের লক্ষ্যে সবার প্রকৃত সমর্থন বাড়তে থাকবে বলেও আশা প্রকাশ করে হামাস।