টানা পঞ্চমবারের মতো এয়ারলাইন প্যাসেঞ্জার এক্সপেরিয়েন্স অ্যাসোসিয়েশন (এপেক্স) থেকে ওয়ার্ল্ড ক্লাস এয়ারলাইন হিসেবে স্বীকৃতি পেয়েছে সৌদি আরবের জাতীয় পতাকাবাহী বিমানসংস্থা সৌদিয়া। গ্লোবাল অ্যাওয়ার্ডস সেরিমনিতে সংস্থাটিকে এ পুরস্কার প্রদান করা হয়।

এছাড়াও টানা দ্বিতীয়বারের মতো 'সার্ভিস–গেস্ট এক্সপেরিয়েন্সে সেরা' পুরস্কার অর্জন করেছে সৌদিয়া। গেস্ট এক্সপেরিয়েন্স ক্যাটাগরিতে সর্বোচ্চ বৈশ্বিক স্কোর অর্জন করায় এ পুরস্কার দেয়া হয় বিমান সংস্থাটিকে।

এপেক্স ওয়ার্ল্ড ক্লাস পুরস্কারকে বিমান শিল্পের সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে গণ্য করা হয়। এটি শিল্প বিশেষজ্ঞদের মাধ্যমে পরিচালিত একটি বিস্তৃত মূল্যায়নের ভিত্তিতে প্রদান করা হয়। বিজয়ী নির্ধারণে নিরাপত্তা, টেকসইতা, অতিথি অভিজ্ঞতা এবং বিমানে খাবার পরিবেশনের ক্ষেত্রে অর্জিত সাফল্যকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়।

সৌদিয়ার চিফ গেস্ট এক্সপেরিয়েন্স অফিসার রসেন দিমিত্রভ বলেন, টানা পঞ্চমবারের মতো এপেক্স ওয়ার্ল্ড ক্লাস স্বীকৃতি পাওয়া এবং পাশাপাশি টানা দ্বিতীয়বারের মতো সার্ভিস–গেস্ট এক্সপেরিয়েন্সে সেরা হিসেবে স্বীকৃতি অর্জন সৌদিয়ার টিম সদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের প্রকৃত প্রমাণ। এ পুরস্কারগুলো কেবল আমাদের ধারাবাহিক রূপান্তরকেই প্রতিফলিত করে না, বরং বৈশ্বিক মঞ্চে আমাদেরকে আলাদা করে তোলে।

তিনি আরো বলেন, আমাদের নতুন কৌশলের আলোকে অতিথিদের পুরো ভ্রমণ অভিজ্ঞতার প্রতিটি ধাপকে সুপরিকল্পিতভাবে সাজানো হয়েছে, যেন যাত্রাপথ জুড়ে তাদের আরাম নিশ্চিত হয়। প্রত্যাশার ঊর্ধ্বে থাকা উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে আমরা প্রতিটি ধাপে সন্তুষ্টি বৃদ্ধি করে চলেছি।

দীর্ঘমেয়াদি কৌশলের অংশ হিসেবে অতিথিদের অভিজ্ঞতা উন্নত করার লক্ষ্যে নানা উদ্যোগ বাস্তবায়ন অব্যাহত রেখেছে সৌদিয়া। এর মাধ্যমে একই সঙ্গে সংস্থাটি সরাসরি সৌদি আরবের ন্যাশনাল এভিয়েশন স্ট্র্যাটেজির উদ্দেশ্য পূরণে অবদান রাখছে।

উদ্যোগগুলোর মধ্যে রয়েছে আগামী কয়েক বছরের মধ্যে ১১৬টি নতুন বিমান বহরে সংযোজন, যা বিদ্যমান ১৪৯টি বিমানের বহরকে আরো সমৃদ্ধ করবে। পাশাপাশি আধুনিক ও প্রশস্ত আসন ব্যবস্থা, লাইভ স্ট্রিমিং সুবিধাসহ উচ্চগতির ইন-ফ্লাইট ইন্টারনেট এবং কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত ডিজিটাল প্ল্যাটফর্ম ও বুকিং-পরবর্তী সেবা উন্নয়নও অন্তর্ভুক্ত রয়েছে।