মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হতে পারে। একই সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট পিকঅ্যাক্স মাউন্টেন স্থাপনায় হামলার হুমকিও দিয়েছেন তিনি। খবর রয়টার্স।

স্থানীয় সময় বুধবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমার মনে হয়, নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হয়ে যাবে। কারণ তারা আর বেশি দিন টিকে থাকতে পারবে না। তারা মরিয়া হয়ে নির্বাচনে প্রভাব ফেলার চেষ্টা করছে। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ দেননি তিনি।

ইরানের ক্ষতিগ্রস্ত নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনার কাছে অবস্থিত পিকঅ্যাক্স মাউন্টেনে হামলারও হুমকি দিয়েছেন ট্রাম্প। অত্যন্ত সুরক্ষিত এ এলাকায় মাটির গভীরে নির্মিত দুটি টানেল কমপ্লেক্স রয়েছে।

মধ্যবর্তী নির্বাচনের জন্য আয়োজিত রিপাবলিকান পার্টির সম্মেলনে ট্রাম্প বলেন, পিকঅ্যাক্স মাউন্টেনে কিছুটা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ইরানকে চালাকি না করার পরামর্শ দিয়ে তিনি বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র আরো তীব্র হামলা চালাবে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ হোয়াইট হাউসের শীর্ষ কর্মকর্তারা ব্যক্তিগতভাবে ট্রাম্পকে সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত তার বর্তমান মেয়াদের বাকি সময়জুড়ে অর্থাৎ ২০২৯ সালের জানুয়ারি পর্যন্ত চলতে পারে।

এদিকে ছয় মাস ধরে চলা যুদ্ধের মধ্যেই ইরান-যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে। হরমুজ প্রণালি ও লোহিত সাগর—দুই গুরুত্বপূর্ণ নৌপথেই জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

ইরান জানিয়েছে, বুধবার হরমুজ প্রণালির কাছে ১০টি জাহাজে হামলা চালিয়েছে তারা। এর আগে যুক্তরাষ্ট্র পাঁচটি ইরানি তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেয়। ধারাবাহিক পাল্টাপাল্টি হামলায় গুরুত্বপূর্ণ এ নৌপথে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা আরো অনিশ্চিত হয়ে পড়েছে। জাহাজ-ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বুধবার মাত্র সাতটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। আগের ১০ দিনের দৈনিক গড়ের তুলনায় এ সংখ্যা প্রায় অর্ধেক।

তেলের দামের এ ঊর্ধ্বগতি নিয়ে ট্রাম্প সাংবাদিকদের বলেন, নির্বাচনের পরপরই তেলের দাম দ্রুত কমতে শুরু করবে। টেক্সাসে অনুষ্ঠিত সম্মেলনেও তিনি একই ধরনের কথা বলেছেন। তিনি বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে আমরা জেতার সঙ্গে সঙ্গেই তেলের দাম দ্রুত কমে যাবে।

অন্যদিকে ইয়েমেনে ইরান-সমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতও সাম্প্রতিক দিনগুলোয় আরো তীব্র হয়েছে। এতে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরো বেড়েছে।

হুতিরা জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খামিস মুশাইতের একটি বিমানঘাঁটি এবং আশপাশের শহরের তেল অবকাঠামোয় হামলা চালিয়েছে তারা। ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর সৌদি আরবে এটি অন্যতম বড় হামলা। এর জেরে বৃহস্পতিবার খামিস মুশাইতে ২৪ ঘণ্টার মধ্যে চতুর্থবারের মতো জরুরি সতর্কতা জারি করে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। পরে অবশ্য সতর্কতা প্রত্যাহার করে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দেয়া হয়।