অস্থায়ী যুদ্ধবিরতির কথা শোনা গেলেও ইসরায়েল-হামাস
এ বিষয়ে কোনো চুক্তিতে পৌঁছায়নি। গতকাল শনিবার (১৮ নভেম্বর) রাতে হোয়াইট হাউজের
এক মুখপাত্র এ তথ্য দেন। খবর রয়টার্স।
গতকাল রাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছিল,
৫০ বা তার বেশি জিম্মির বিনিময়ে ইসরায়েল ও হামাসের মধ্যে পাঁচদিনের যুদ্ধবিরতির চুক্তি
হয়েছে। এতে মধ্যস্থতা করেছে কাতার।
তবে হোয়াইট হাউজের মুখপাত্র জানান, দুই
পক্ষের মধ্যে একটি চুক্তির জন্য কাজ চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আরেক মার্কিন কর্মকর্তা
নিশ্চিত করেছেন যে কোনো চুক্তি হয়নি।
হোয়াইট হাউজের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের
মুখপাত্র অ্যাড্রিয়েন ওয়াটসন এক বিবৃতিতে বলেছেন, এখনো কোনো চুক্তি হয়নি। তবে একটি
চুক্তির জন্য আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
গত ৭ অক্টোবর হামাসের হামলায় এক হাজার
২০০ ইসরায়েলি নিহত হয়। জিম্মি করা হয় ২৪০ জনকে। ওই দিনেই গাজার বিরুদ্ধে সর্বাত্মক
যুদ্ধ শুরু করে তেল আবিব। গত সাত সপ্তাহ ধরে উপত্যকায় টানা হামলায় ১২ হাজার ৩০০ এর
মতো ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে পাঁচ হাজার শিশু রয়েছে।










