গাজায় ইসরায়েল ও হামাসের সংঘর্ষের পরিপ্রেক্ষিতে
১৯৩ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে মানবিক যুদ্ধবিরতির দাবিতে ভোট অনুষ্ঠিত হতে পারে।
আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) এ বিষয়ে খসড়া প্রস্তাব উত্থাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
গতকাল রোববার কূটনীতিকরা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।
এর আগে গত ৮ ডিসেম্বর গাজায় মানবিক
যুদ্ধবিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দাবিতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। ওই সময়
সংযুক্ত আরব আমিরাতের আনা প্রস্তাবে ১৩টি দেশ ভোট দেয়। যুক্তরাষ্ট্র ভেটো দেয় ও যুক্তরাজ্য
ভোট থেকে বিরত থাকে। সেই ঘটনায় ব্যাপক সমালোচনার পর নতুন এ পদক্ষেপ নেয়া হয়েছে।
গত অক্টোবরে সাধারণ পরিষদ একটি
প্রস্তাব গৃহীত হয়। যেখানে পক্ষে ১২১টি ও বিপক্ষে ১৪টি ভোট পড়ে। আর ৪৪টি দেশ কোনো পক্ষ
নেয়নি। প্রস্তাবে টেকসই মানবিক যুদ্ধবিরতি দিকে পরিচালিত হওয়ার জন্য আহ্বান জানানো
হয়।
এদিকে আলজাজিরা জানায়, জাতিসংঘ সাধারণ
পরিষদে আগামীকাল নিউইয়র্ক সময় বিকাল ৩টায় একটি বিশেষ অধিবেশন বসবে।
সদস্য দেশগুলোকে লেখা এক চিঠিতে জাতিসংঘ
সাধারণ পরিষদের প্রেসিডেন্ট ডেনিস ফ্রান্সিস বলেছেন, মিসর ও মৌরিতানিয়া, আরব লিগের
সভাপতি ও ওআইসির অনুরোধে এই বৈঠক ডেকেছেন।
বৈঠকের অনুরোধ জানিয়ে চিঠিতে ‘গাজা
উপত্যকায় ফিলিস্তিনি বেসামরিক জনসংখ্যার গুরুতর পরিস্থিতি’ উল্লেখ করেছে মিসর ও মৌরিতানিয়া।
গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাপন্থী
হামাসের আক্রমণে এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হন। এরপর গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরু করে
তেল আবিব। এতে দুই মাসে প্রায় ১৮ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের ৭০ শতাংশই নারী
ও শিশু। অন্যদিকে আহত হয়েছেন প্রায় অর্ধ লাখ মানুষ।










