পৃথিবীর ফুসফুসখ্যাত ব্রাজিলের অ্যামাজন রেইন ফরেস্টের বৃক্ষ নিধনের পরিমাণ ক্রমেই বাড়ছে। দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর স্পেস রিসার্চের তথ্যানুযায়ী, অ্যামাজনের বৃক্ষ নিধনের পরিমাণ ২০২২ সালের তুলনায় গত মাসে ১৪ শতাংশ বেড়েছে। এ সময়ে মোট ৩৫৬ বর্গকিলোমিটার বন নিধনের তথ্য পাওয়া গেছে। এর আগে ফেব্রুয়ারিতেও রেকর্ড পরিমাণ বন উজাড়ের ঘটনা ঘটে। এ ঘটনা পৃথিবীর জলবায়ু বিপর্যয়ের জন্য চরম হুমকির আভাস দিচ্ছে। খবর রয়টার্স।

ব্রাজিলের ক্ষমতাসীন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা সরকার এ ঘটনায় বড় ধরনের রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে। কেননা সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সময়ে একই ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছিল। 

জানুয়ারিতে ক্ষমতায় আসা লুলা দা সিলভা অবৈধভাবে বন উজাড় বন্ধের কঠোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে সে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। বরং পরিস্থিতি আরো ভয়াবহ হয়েছে। সরকারি তথ্যমতে, ২০২২ সালের আগস্ট থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত পূর্ববর্তী একই সময়ের তুলনায় অ্যামাজনের বৃক্ষ নিধন বেড়েছে ৩৯ শতাংশ।

ব্রাজিলের স্থানীয় পরিবেশবাদী সংস্থা ক্লাইমেট অবজারভেটরির প্রধান মার্সিও অ্যাসট্রিনি। বন উজাড়ের পরিমাণ বেড়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন,  ‘অ্যামাজন রক্ষায় সরকারি কর্তৃপক্ষের যথাযথ কোনো ব্যবস্থাপনা নেই। বনভূমি কমে যাওয়ার হার সেটিই প্রমাণ করে।’

সরকারি দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে অ্যাসট্রিনি বলেন, ‘নতুন সরকারের এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। পরিবেশগত অপরাধ দমন করতে তাদের সক্ষমতা বাড়াতে হবে।’

বিশ্লেষকরা বলছেন, বন উজাড়ের হার বেড়ে যাওয়া দেশটির সরকারের ওপর ক্রমাগত চাপ তৈরি করছে। বন উজাড় বন্ধের ঘোষণা দিয়েই ক্ষমতাসীন হয়েছে লুলা দা সিলভার প্রশাসন।