ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে সাতে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছে দুজন। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেক মানুষ। খবর রয়টার্স ও ফিলস্টার।

উদ্ধারকারীরা জানান, ভূমিকম্পের কারণে চার প্রদেশে অন্তত ৬০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ৩২টি রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, শুক্রবারের ওই ভূমিকম্পের কেন্দ্র ছিল ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের উপকূলীয় সাগর, যার উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে।

পুলিশ জানায়, দক্ষিণ কোতাবাতো প্রদেশের সান্তোস শহরে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কংক্রিটের একটি দেয়াল ধসে এক দম্পতির মৃত্যু হয়েছে। আরেক নারী একটি শপিং মলের ছাদ ধসে পড়ে নিহত হয়েছেন। সারাঙ্গানি প্রদেশের গ্লান পৌরসভায় ইস্পাতের কাঠামো ভেঙে পড়ে একজনের মৃত্যু হয়েছে। দাভাও অক্সিডেন্টাল প্রদেশে এক বয়স্ক ব্যক্তি পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের আঘাতে মারা গেছেন। এছাড়া গ্লান ও মালাপাতাল পৌরসভা এলাকায় আরো দুজনের মৃত্যুর খবর দিয়েছে ম্যানিলার ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট কাউন্সিল। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।

ভূমিকম্প কেন্দ্রের নিকটবর্তী সারাঙ্গানি প্রদেশে দুজন নিখোঁজ হয়েছে। তাদের খুঁজে বের করতে সন্ধান চলছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা।

কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ সংযোগ আবারো চালু করা হয়েছে। অধিকাংশ রাস্তাঘাট চলাচলের উপযোগী আছে। ভবন ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলেও তা উল্লেখযোগ্য নয়।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত। এ অঞ্চলে অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প সাধারণ ঘটনা।