ম্যাক্সিমো নাপা কাস্ত্রো নামে ৬১ বছর বয়সী পেরুর এক জেলে সমুদ্রে হারিয়ে যাওয়ার ৯৫ দিন পর জীবিত উদ্ধার হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দিনা জানিয়েছে, ৭ ডিসেম্বর তিনি মারকোনা উপকূলীয় শহর থেকে মাছ ধরতে রওনা হন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে পথভ্রষ্ট হয়ে দিক হারিয়ে ফেলেন। খবর সিএনএন।

১১ মার্চ ইকুয়েডরের একটি মাছ ধরার নৌকা তাকে পেরুর উত্তর উপকূলে খুঁজে পায়। তিনি তখন চরম পানিশূন্যতায় ভুগছিলেন এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক ছিল। ভয়ংকর এ পরিস্থিতির মধ্যেও তিনি টিকে ছিলেন বৃষ্টির পানি সংগ্রহ করে এবং পোকামাকড়, পাখি ও কচ্ছপ খেয়ে। তবে শেষ ১৫ দিন তিনি কোনো খাবার পাননি।

উদ্ধারের পর নাপা কাস্ত্রো জানান, পরিবারের কথা ভেবেই তিনি জীবন ধরে রেখেছিলেন। তিনি বলেন, 'মরতে চাইনি, বিশেষ করে আমার মায়ের জন্য। আমার এক ছোট নাতনি আছে। তার কথা ভেবে বেঁচে থাকার চেষ্টা করেছি।'

তার মেয়ে ইনেস নাপা টরেস ইকুয়েডরের জেলেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লেখেন, ‘ধন্যবাদ, ইকুয়েডরের ভাইরা, আমার বাবাকে বাঁচানোর জন্য। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন।’

তিন মাস ধরে তার পরিবার ও অন্যান্য জেলেরা তাকে খুঁজছিলেন। কিন্তু তারা কখনোই আশা হারাননি। প্রতিদিন আতঙ্কের মধ্যে কেটেছে তাদের।

উদ্ধারের পর নাপা কাস্ত্রো পেরু-ইকুয়েডর সীমান্তের কাছে পাইতা শহরের হাসপাতাল নুয়েস্ত্রা সেনিওরা দে লাস মার্সেডেসে চিকিৎসা নেন। গতকাল শনিবার (১৫ মার্চ) তিনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।