কেরালার ওয়েনাড় জেলায় একাধিক ভূমিধসে অন্তত ৮ জন নিহত ও শতাধিক লোক আটকে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার ওয়ানাড় জেলার মেপ্পেদির বড় এলাকাজুড়ে ভূমিধস হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে শত শত মানুষ হতাহত হয়েছেন । দেশটির জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীসহ একাধিক সংস্থা মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকাটিতে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

মঙ্গলবার এক বিবৃতিতে কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) জানিয়েছে, উপদ্রুত এলাকায় এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছেন কেসিডিএমএ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। এছাড়া কেরালা পুলিশের এলিট ফোর্স কান্নর ডিফেন্স সিকিউরিটি কর্পসের ২টি ইউনিটও উদ্ধার তৎপরতায় এগিয়ে এসেছে ।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় শত শত মানুষ আটকা পড়েছেন। অন্যদিকে কেসিডিএমএর কর্মকর্তারা জানিয়েছেন, ভারী বর্ষণের কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।