পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে ১৪ বছরের মধ্যে রেকর্ড গতিতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ইলসা। গতকাল বৃহস্পতিবার (১৩ এপ্রিল) স্থানীয়
সময় মধ্যরাতের দিকে ঝড়টি ভূমিতে উঠে আসে। খবর সিএনএন।
অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর বিওএম জানায়,
ডি গ্রে ও পারডু রোডহাউসের মধ্যবর্তী এলাকায় পাঁচ ক্যাটাগরির ঝড়টি আছড়ে পড়ে। কয়েকদিন
ধরে উপকূলে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ইলসা চার মাত্রা আটলান্টিক হারিকেনের সমতুল্য।
ভূমি উঠার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে
পড়ে। রাজ্যের দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হওয়ার সময় গতিবেগ ছিল ঘণ্টায় ১২০ কিলোমিটার।
যার প্রভাবে তীব্র বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
মূল ভূখণ্ডে আঘাত হানার ঠিক আগে জনবসতিহীন
বেডআউট দ্বীপ অতিক্রম করে ইলসা। ওই সময় ১০ মিনিট স্থায়ীত্বে বাতাসের গতিবেগ ছিল ২১৮
কিলোমিটার।
এর আগে ২০০৭ সালে ঘূর্ণিঝড় জর্জ সালে
একই স্থান ১৯৪ কিমি ঘণ্টা গতিতে অতিক্রম করে। সামুদ্রিক পাখিদের প্রজননের জন্য বিখ্যাত
ওই স্থানে এটি ছিল রেকর্ড।
ঘূর্ণিঝড়টি পশ্চিম অস্ট্রেলিয়ায় কী
ক্ষতি করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে বাতাসের কারণে গাছ, ভবন, বিদ্যুৎ লাইন ও অন্যান্য
অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতির আশঙ্কা করা হয়েছিল।
বিওএমের সিনিয়র আবহাওয়াবিদ মিরিয়াম
ব্র্যাডবেরি গতকাল সতর্ক করে বলেছেন, ঝড় শুধু গাছ ও বৈদ্যুতিক লাইনই আছড়ে ফেলবে না,
উঠান ও বাড়ি থেকে জিনিসপত্র উঠিয়ে নিতে পারবে।
এর আগে জানানো হয়, ঝড়ের হুমকিতে আছে বিদ্যাডাঙ্গার
প্রায় ৮৫০ আদিবাসী। আশঙ্কায় ছিল পোর্ট হেডল্যান্ডের প্রায় ১৬ হাজার বাসিন্দা, যারা
মূলত খনি শিল্পের সঙ্গে জড়িত।
পশ্চিম অস্ট্রেলিয়ার উপকূলে ১৯৬০ সাল
থেকে ক্যাটাগরি চার হারিকেনের সমতুল্য ১৩টি ঝড় আঘাত হেনেছে। কিন্তু ২০০৯ সালের গ্রীষ্মমণ্ডলীয়
ঘূর্ণিঝড় লরেন্সের পর এটিই প্রথম আঘাত, ওই ঝড়ের গতিবেগ ছিল ২৪০ কিলোমিটার।
সাম্প্রতিক বছরে অস্ট্রেলিয়া বেশ কয়েকবার
প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছে। গত বছর নিউ সাউথ ওয়েলস ওকুইন্সল্যান্ড রাজ্যের
কিছু অংশ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।
অস্ট্রেলিয়ার কোনো অংশে আঘাত হানার সবচেয়ে শক্তিশালী ঝড় ঘূর্ণিঝড় মনিকা। যা ২০০৬ সালে ২৯০ কিলোমিটার অস্ট্রেলিয়ার পূর্ব ও উত্তর অংশ জুড়ে বয়ে যায়।










