ইরানে চলমান বিক্ষোভে দেশটির পুলিশ বাহিনীর বিশেষ ইউনিটের আট সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ। ল’ এনফোর্সমেন্ট কমান্ড (ফারাজা)-র বিশেষ ইউনিটের কমান্ডার জেনারেল মাসুদ মোসাদ্দেকের বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানিয়েছে, ৮ ও ৯ জানুয়ারি বিভিন্ন শহরে বিক্ষোভ দমনের অভিযানে দায়িত্ব পালন করতে গিয়ে এসব সদস্য প্রাণ হারান।
প্রতিবেদনে দাবি করা হয়, সহিংস বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় এবং বিভিন্ন ধরনের অস্ত্র দিয়ে হামলা করে। এসব হামলার মধ্যেই ফারাজা বিশেষ ইউনিটের আট সদস্য নিহত হন বলে দাবি করা হয়েছে।
নিরাপত্তা সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে আরো দাবি করা হয়েছে, এখন পর্যন্ত সারা দেশে ‘সন্ত্রাসী গোষ্ঠী’র প্রায় ২০০ নেতা ও অপারেশনাল প্রধানকে গ্রেফতার করা হয়েছে। বিক্ষোভকারীদের বিভিন্ন আস্তানা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, অস্ত্র, গ্রেনেড ও মলোটভ ককটেল উদ্ধার করা হয়েছে বলেও দাবি করা হয়।
এদিকে তেহরানের ফায়ার সার্ভিস প্রধান কদরাতুল্লাহ মোহাম্মদি জানান, সশস্ত্র বিক্ষোভকারীরা রাজধানীতে অন্তত ২৬টি বাড়িতে আগুন দিয়েছে। এছাড়া ৩৪টি মসজিদ, ৪০টি ব্যাংক, ১৫টি শপিং সেন্টার, ১৩টি সরকারি ভবন এবং গণপরিবহনসহ ৫০টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়েছে।










