ভারতের দক্ষিণের রাজ্য কেরালার ওয়েনাড়ে ভারী বৃষ্টিতে একাধিক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৪৯- এ পৌঁছেছে। আহত হয়েছেন আরো অনেকে। ভূমিধসে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে যাওয়ায় উদ্ধার কাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্থানীয় গণমাধ্যম। খবর রয়টার্স।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ জানিয়েছেন, ৭০ জনেরও বেশি লোক আহত হয়েছেন এবং ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে যে ছালিয়ার নদীতে অনেক লোক ভেসে গেছে।
ভূমিধসের পর পরিস্থিতি গুরুতর জানিয়ে রাজ্যের বনমন্ত্রী এ কে সাসেন্দ্রান রয়টার্সকে বলেন, সেতু ভেঙে যাওয়ায় একটি অস্থায়ী সেতু নির্মাণে কাজ করছে সেনাবাহিনী।
মঙ্গলবার (৩০ জুলাই) ভোরের দিকে ভারতের সর্বদক্ষিণের রাজ্য কেরালার ওয়ানাড় জেলার মেপ্পেদির বড় এলাকাজুড়ে ভূমিধস হয়েছে বলে জানিয়েছে কেরালা রাজ্য সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ)।
মঙ্গলবার এক বিবৃতিতে কেসিডিএমএ জানিয়েছে, উপদ্রুত এলাকায় এরই মধ্যে উদ্ধার তৎপরতা শুরু করেছেন কেসিডিএমএ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। এছাড়া কেরালা পুলিশের এলিট ফোর্স কান্নর ডিফেন্স সিকিউরিটি কর্পসের ২টি ইউনিটও উদ্ধার তৎপরতায় এগিয়ে এসেছে ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উপদ্রুত এলাকায় শত শত মানুষ আটকা পড়েছেন। অন্যদিকে কেসিডিএমএর কর্মকর্তারা জানিয়েছেন, মেপ্পেদিতে এখন ব্যাপক বৃষ্টি হচ্ছে এবং ভারী বর্ষণের কারণে বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধার তৎপরতা।










