দক্ষিণ কোরিয়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত সংসদীয় নির্বাচনে বিপুল ব্যবধানে হারের পথে ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টি। দেশটির উদারপন্থী বিরোধী ব্লক সংসদীয় নির্বাচনে তিন-পঞ্চমাংশেরও বেশি আসন জিততে চলেছে। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, ৩০০ আসনের মধ্যে ১৭৫টি আসনে জিততে যাচ্ছে দ্যা ডেমোক্রেটিক পার্টি (ডিপি)। অন্যদিকে ক্ষমতাসীন পিপলস পাওয়ার পার্টি (পিপিপি) জিততে যাচ্ছে মাত্র ১০৮টি আসনে। 

এদিকে নির্বাচনে হারের পর দেশটির প্রধানমন্ত্রী হান ডাক-সুসহ প্রায় সব সিনিয়র নেতা পদত্যাগের প্রস্তাব দিয়েছেন।

এপির খবরে বলা হয়েছে, হান মৌখিকভাবে রাষ্ট্রপতি ইউন সুক-ইওলের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়া চিফ অফ স্টাফ এবং মুখ্য সচিবসহ সমস্ত সিনিয়র কর্মকর্তারা পদত্যাগ করার প্রস্তাব দিয়েছেন।

বৃহস্পতিবার জাতীয় নির্বাচন কমিশন (এনইসি) আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। এনইসি অনুসারে, প্রায় দুই কোটি ৯৭ লাখ মানুষ বা ৬৭ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। যার মধ্যে ১ কোটি ৪০ লাখ গত সপ্তাহের প্রথম দিকে আগাম ভোট দিয়েছিলেন।