টানা চার বছর নির্বাসিত থাকার পর দেশে ফিরেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। শনিবার দুপুরে তাকে বহনকারী উড়োজাহাজ ইসলামাবাদ বিমানবন্দরে অবতরণ করে। খবর দ্য ডন।

নওয়াজ শরিফকে বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী সিনেটর আজম তাতার এবং তার রাজনৈতিক দলের অন্য নেতারা।

দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে এবং চিকিৎসার কথা বলে চার বছর আগে পাকিস্তান ছেড়েছিলেন নওয়াজ। পিটিআই নেতা ইমরান খান যতদিন প্রধানমন্ত্রী ছিলেন, ততদিন তিনি দেশে ফিরতে পারেননি। ফলে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পরই দেশে ফেরার পথ সুগম হয় নওয়াজ শরিফের।

পাকিস্তানের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নওয়াজকে অনেক আইনি ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে। এরপর আগামী বছরের জানুয়ারিতে হতে যাওয়া আইন পরিষদের নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন তিনি।

এদিকে এর আগে পাকিস্তানের উদ্দেশে বিমানে ওঠার আগে নওয়াজ শরিফ বলেন, ‘‌দেশে ফিরে যেতে পারছেন বলে তিনি খুবই আনন্দিত।’

এছাড়া দুবাই বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নওয়াজ শরিফ বলেন, ‘‌দেশের পরিস্থিতি দেখে আমি খুব চিন্তিত ও হতাশ। যেখানে এগিয়ে যাওয়ার কথা ছিল, সেখানে দেশ আজ অর্থনৈতিক ও ঐক্যের দিক থেকে পিছিয়ে যাচ্ছে।’

নিজের শাসনামলের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘‌আমি যখন পাকিস্তানের কথা মনে করি তখন কষ্ট পাই। আমরা আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে বিদায় জানিয়েছিলাম। বিদ্যুৎ সস্তা ছিল, মুদ্রা স্থিতিশীল ছিল, কর্মসংস্থান ছিল, ৪ রুপিতে রুটি পাওয়া যেত। দরিদ্র পরিবারের শিশুরা স্কুলে যেতে পারত, ওষুধও ছিল সস্তা।’